২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে আরটিভি প্রতিবেদকের জিডি

রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত গাড়ি চালকের সাক্ষাৎকার গ্রহণকারী প্রতিবেদক নিরাপত্তা চেয়ে দুটি জিডি করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রেলের অর্থ কেলেঙ্কারির ঘটনায় আলোচিত গাড়ি চালকের সাক্ষাৎকার গ্রহণকারী প্রতিবেদক নিরাপত্তা চেয়ে দুটি জিডি করেছেন। সোমবার দুপুরে তেজগাঁও ও শেরে বাংলা থানায় জিডি দুটি করেছেন বলে জানান বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিবেদক বায়েজিদ আহমেদ। রাতে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে বলেন, “রেলের নিয়োগ বাণিজ্য নিয়ে আরটিভিতে দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদন প্রচারের পর টিভি চ্যানেলের নিচে ও পূর্ব রাজাবাজারস্থ বাসার সামনে ১০/১২ জন অপরিচিত লোক মোটরবাইকে এসে দুই দিন ধরে আমার খোঁজ খবর নিচ্ছে, হুমকি দিচ্ছে। এ অবস্থায় আমি মনে করছি, আমার জীবন হুমকির মুখে। আমার নিরাপত্তা দরকার। এজন্যে থানায় জিডি করেছি।” গত ৯ এপ্রিল রাতে ফারুকের গাড়িতে বিপুল অর্থ পাওয়ার খবর প্রকাশের পর তা নিয়ে দেশজুড়ে শোরগোল শুরু হয়। এরপর ১৬ এপ্রিল ‘অর্থ কেলেঙ্কারির’ দায় নিজের কাঁধে নিয়ে রেলমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান সুরঞ্জিত। এ ছাড়া রেলের জিএম ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হককে বরখাস্ত করা হয়। ওই ঘটনার পর গণমাধ্যমের খবরে বলা হয়েছিল ফারুকের সঙ্গে সেদিন ৭০ লাখ টাকা পাওয়া যায়, যা রেলে নিয়োগে ঘুষ হিসেবে নেয়া হয়েছিল। ইউসুফ ও এনামুল হক ওই গাড়িতেই ছিলেন। ঘটনার পর থেকে ফারুকের গাড়ি চালক আজম খানের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। প্রায় ছয় মাস ‘নিখোঁজ’ থাকার পর আরটিভির প্রতিবেদনে হাজির হন আজম। সাক্ষাৎকারে এপিএস ওমর ফারুকের গাড়ি চালক আজম দাবি করেন, ফারুকের গাড়িতে আটক অর্থ সুরঞ্জিতের বাড়িতে যাচ্ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এএল/২১৫৩ ঘ.