ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার থেকে ডাকা ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন মালিক-শ্রমিকরা।
১১টি দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের এই ধর্মঘট ডেকেছিল দক্ষিণ-পশ্চিমাঞ্চল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
কর্মসূচি শুরুর আগের দিন সোমবার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঐক্য পরিষদ নেতারা।
বৈঠকের পর পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক আব্দুর রহিম বকস দুদু সাংবাদিকদের বলেন, ১১ দফা দাবির বিষয়ে মন্ত্রীর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
গত ১ অক্টোবর ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ-পশ্চিমের ২১টি জেলায় এই কর্মসূচি ডাকা হয়েছিল।
মালিক-শ্রমিকদের দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দুর্ঘটনা কবলিত যানবাহন ভাংচুর ও আগুন দিয়ে পোড়ানো বন্ধ করা এবং ক্ষতিগ্রস্ত যানের মালিককে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়া।
এছড়া সড়কে নসিমন-করিমন চলাচল বন্ধ করা, অবাণিজ্যিক যানবাহনে অবৈধভাবে যাত্রী বহন বন্ধ করা, দুর্ঘটনা কবলিত গাড়ি ৪৮ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফেরত দেয়া, ড্রাইভিং লাইসেন্স নাবয়ন ও নতুন লাইসেন্স দেয়ার ক্ষেত্রে সব কাজ এক মাসের মধ্যে করা, পুলিশের চাঁদাবাজি বন্ধ করাও দাবির মধ্যে রয়েছে।
ওবায়দুল কাদের বলেন, রোববার সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের বৈঠকে তাদের ১১ দফা দাবির মধ্যে নয়টি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দাবিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়নের চেষ্টা করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮২৬ ঘ.
bdnews24