২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী বিদিত লাল দাশ আর নেই

‘মরিলে কান্দিস না আমার দায়’- এর মতো আরো অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদিত লাল দাশ আর নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 11:04 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘মরিলে কান্দিস না আমার দায়’- এর মতো আরো অনেক জনপ্রিয় গানের সুরস্রষ্টা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিদিত লাল দাশ আর নেই। কিডনি ও ফুসফুসের রোগে আক্রান্ত হয়ে সোমবার ভোর ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। শিল্পীর একমাত্র ছেলে বিশ্বদিত লাল দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেটে তার বাবার শেষকৃত্য হবে। বেলা ১২টায় মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন বিশ্বদিত। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বিদিত দাশের মরদেহ মঙ্গলবার সকাল ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে এবং বেলা ২টায় সুবানীবাজার শ্মশান ঘাটে দাহ করা হবে বলে জানান বিশ্বদিত। বিদিত লাল দাশ বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ সিলেট বিভাগের সভাপতি ছিলেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ক’জন শিল্পী দীর্ঘদিন ধরে লোকসঙ্গীত নিয়ে চর্চা ও গবেষণা চালিয়ে আসছেন বিদিত দাশ ছিলেন তাদের মধ্যে অন্যতম। ‘সাধের লাউ বানাইলি মোরে বৈরাগী’, ‘সিলেটে প্রথম আজান ধ্বনি বাবায় দিয়াছে’, ‘কারে দেখাবো মনের দুঃখ গো’, ‘বিনোদিনী গো তোর বৃন্দাবন কারে দিয়ে যাবি’, ‘আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু’, ‘বাবা শাহজালাল আউলিয়া’, ‘প্রাণ কান্দে মন কান্দেরে’, ‘মুর্শিদ আওরে আও’, ‘সোনার পিঞ্জিরা আমার কইরা গেলা খালিরে’- এর মতো অসংখ্য জনপ্রিয় গানের সুর করেন বিদিত। তার পারিবারের সদস্যরা জানান, গত ৭ সেপ্টেম্বর অসুস্থ অবস্থায় বিদিতকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ সেপ্টেম্বর তাকে ঢাকায় আনা হয়। ৪ অক্টোবর থেকে তিনি স্কয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। মৃত্যুর সময় তার স্ত্রী কনক রানী দাসসহ শিল্পীর নিকট আত্মীয়রা হাসপাতালে ছিলেন। শিল্পীর মৃত্যুর খবর পেয়ে তার সহকর্মী ও সংস্কৃতি অঙ্গনের কর্মীরা স্কয়ার হাসপাতালে ছুটে আসেন। জীবদ্দশায় বিদিত দাশ রাষ্ট্রীয় পর্যায়ে যথাযথ সম্মান না পাওয়ায় হতাশা প্রকাশ করে ছেলে বিশ্বদিত বলেন, “গুণী এ শিল্পী দেশে-বিদেশে বহু সম্মাননা পেলেও দেশের রাষ্ট্রীয় কোনো সম্মান তার ভাগ্যে জোটেনি।” প্রয়াত শিল্পীকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করার জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এইচএএইচ/এমআই/১৬৫৮ ঘ.