২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্ব খাতে চাকরি স্থানান্তর দাবি

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শেষ হওয়া প্রকল্পের অধীনে স্থাপিত ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2012, 09:30 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শেষ হওয়া প্রকল্পের অধীনে স্থাপিত ২৬টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) কর্মকর্তা ও কর্মচারীরা তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানিয়েছে। সোমবার টিটিসি কেন্দ্রীয় সংগ্রাম কমিটির নেতারা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সংবাদ সম্মেলনে জানান, দাবি আদায় না হলে ২৩ ডিসেম্বর আমরণ অনশন করবেন তারা। দাবি আদায়ে কমিটির সাধারণ সম্পাদক বিল্টু চাকমা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, আগামী ১৫ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন দিয়ে আন্দোলন কর্মসূচি শুরু হবে। পরদিন থেকে থেকে দৈনিক দুইঘণ্টা করে ক্লাস বর্জন চলবে। ১০ ডিসেম্বর থেকে শুরু হবে পূর্ণ কর্মবিরতি। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে ২৩ ডিসেম্বর আমরণ অনশনে যাবেন তারা। তিনি বলেন, চারটি প্রকল্পের অধীন ২৬টি টিসিসির অধীনে দুই হাজার ১৩৬ কর্মকর্তা ও কর্মচারী কর্মরত রয়েছেন। ২০০৯ সালের ৩০ জুন চারটি প্রকল্পের মেয়াদ শেষ হয়। এরপর ওই বছরের ১২ অগাস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক আদেশে টিটিসিগুলো চালু রাখা হয়। “প্রকল্প চারটি শেষ হওয়ার পর জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হবে বলে পিপিতে (প্রজেক্ট প্রফর্মা) উল্লেখ করা হয়েছে। কিন্তু শেষ হওয়ার তিন বছরেও এসব প্রকল্প রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। আবার এসব প্রকল্পের ইতিও টানা হয়নি”, বলেন তিনি। ছয়মাস ধরে টিটিসি’র কর্মকর্তা ও কর্মচারীরা বেতন-ভাতা পাচ্ছেন না বলে দাবি করেন বিল্টু চাকমা। সংগ্রাম কমিটির সভাপতি সাদেকুর রহমান ও সহ-সভাপতি আরিফুর রহমান সোহেলসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫২৬ ঘ.