ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খেলাধুলায় উন্নয়নে এগিয়ে আসার জন্য স্বচ্ছল ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি ও প্রতিষ্ঠানগুলোকে আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “আমি সরকারের পাশাপাশি খেলাধুলার পৃষ্ঠপোষকতায় আরো এগিয়ে আসার জন্য দেশের স্বচ্ছল ব্যক্তি, ব্যবসায়ী, শিল্পপতি ও প্রতিষ্ঠানকে আহ্বান জানাই। আপনারা সবাইকে উৎসাহী করার পদক্ষেপ নিন।”
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার বিকালে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন পাইওনিয়ার ফুটবল লীগের উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা একথা বলেন।
তিনি বেলুন উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তত্ত্বাবধানে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন।
সুস্থ-সবল দেহ-মনের জন্য খেলাধুলার অপরিহার্যতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “খেলাধুলা শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্বজ্ঞান, কর্তব্যপরায়ণতা ও সহনশীলতা শিক্ষা দেয়, সাংস্কৃতিক বিকাশকে ত্বরান্বিত করে, অপরাধ প্রবণতা কমায়, মাদকাসক্তিসহ অন্যান্য নেতিবাচক প্রভাব থেকে যুবসমাজকে দূরে রাখে।”
গ্রাম থেকে শহর পর্যন্ত খেলাধুলার জন্য অবকাঠামো উন্নয়ন, অনুকূল পরিবেশ তৈরি ও সুযোগ-সুবিধা বাড়াতে বর্তমান সরকারের বাস্তবায়িত কর্মসূচিগুলো তুলে ধরেন তিনি।
শেখ হাসিনা বলেন, “আমরা এবার দায়িত্ব নেয়ার পর পরই ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করি। খেলাধুলার প্রসারে আর্থিক অনুদান বৃদ্ধি করি। এখন ক্রীড়া প্রশিক্ষণ ও প্রতিযোগিতার ক্ষেত্রে নির্বাচিত প্রতিনিধিরা নেতৃত্ব দিচ্ছেন।”
তিনি বলেন, দেশের ক্রীড়াক্ষেত্রে কাক্সিক্ষত পরিবর্তন আসছে। দেশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাফল্য বয়ে আনছে।
ফেডারেশন কাপ, পেশাদার ফুটবল লিগ, সুপার কাপ, স্বাধীনতা কাপ, ডানন ন্যাশনাল কাপসহ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সক্ষমতা এখন বহুগুণে বেড়েছে।
খেলাধুলায় নারীদের অংশগ্রহণের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “নারীরাও ফুটবলে পিছিয়ে নেই। মহিলা ফুটবল অঙ্গন গত চার বছরে ব্যাপক সাফল্য অর্জন করেছে। জাতীয় মহিলা ফুটবল দল ফিফার র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হয়েছে।”
তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং তাদের পরিচর্যায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী, সহসভাপতি বাদল রায় ও সদস্য সত্যজিৎ দাস রুপু, পাইওনিয়ার ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান আরিফ খান জয়, বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, ক্রীড়া ক্ষেত্রে অন্যতম পৃষ্ঠপোষক বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানও অনুষ্ঠানে ছিলেন।
উদ্বোধন অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি একাদশ এবং পাইওনিয়ার ফুটবল লিগ চেয়ারম্যান একাদশের মধ্যেকার খেলার প্রথম ৩০ মিনিট দেখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২২৩০ ঘ.
bdnews24