২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নদীতে পয়ঃনিষ্কাশন নালা নয়’

ঢাকার চারপাশের নদী-তীরের বাড়ির মালিকদের পয়ঃবর্জ্য ফেলতে দুইমাসের মধ্যে নিজস্ব সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় বেঁধে দিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 10:45 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার চারপাশের নদী-তীরের বাড়ির মালিকদের পয়ঃবর্জ্য ফেলতে দুইমাসের মধ্যে নিজস্ব সেপটিক ট্যাঙ্ক তৈরির সময় বেঁধে দিয়েছে সরকার। এ সময়ের মধ্যে সেপটিক ট্যাঙ্ক তৈরি করে নদীতে বর্জ্য ফেলা বন্ধ না করলে এসব বাড়ির মালিকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সচিবালয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ঢাকার পার্শ¦বর্তী নদ-নদীর নাব্যতা ও নদীর স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখা সংক্রান্ত টাস্কফোর্সের সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে টাস্কফোর্স প্রধান নৌ-মন্ত্রী শাজাহান খান সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। তিনি বলেন, ঢাকার চারপাশে বুড়িগঙ্গা, শীতলক্ষা, বালু ও তুরাগ তীরবর্তী বাড়ির মালিকরা পয়ঃনিষ্কাশন নালা সরাসরি নদীতে নামিয়ে দিয়েছে। এসব বর্জ্য পানিতে পড়ে নদী দূষিত হচ্ছে। “পয়ঃবর্জ্য নিষ্কাশনে সেপটিক ট্যাঙ্ক নির্মাণ করার সময় বেঁধে দেয়া হয়েছে। আর নদীতে ফেলা সুয়ারেজ লাইন সরাতে ব্যর্থ হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।” মন্ত্রী বলেন, নদীর সীমানা পিলার স্থাপনে ত্রুটি রয়েছে। পিলার স্থাপনের অনেক স্থানে ব্যক্তি মালিকানার জমি রয়েছে। এ বিষয়গুলো বিবেচনা করে পিলার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে। ঢাকায় দখল হওয়া ৪৬টি খালের মধ্যে ২৬টি উদ্ধার করা সম্ভব জানিয়ে শাজাহান খান বলেন, “আমরা চারটি খাল পুরোপুরি ও আটটি খাল আংশিক উদ্ধার করতে পেরেছি। খালগুলো থেকে অবৈধ দখল উচ্ছেদে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে ওয়াসাকে নির্দেশ দেয়া হয়েছে।” ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, নৌ-সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, সাংসদ সানজিদা খানম, আকম মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬৩৫ ঘ.