কক্সবাজার, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ঘটনাকে ‘বাংলাদেশের জনগণের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
মিজানুর রহমান রোববার তার কার্যালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
এ হামলার পেছনে জড়িতদের শাস্তি দাবি করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তবে বিচারের নামে কোনো নিরপরাধ ব্যক্তিকে যেন হয়রানি না করা হয় সে ব্যাপারে সরকারকে সতর্ক করে দেন তিনি।
এর আগে কক্সবাজারের রামুর বৌদ্ধ বসতি ও মন্দিরে হামলার ব্যাপারে পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
হামলার ঘটনা নিয়ে গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা নিয়েও সমালোচনা করেছিলেন তিনি।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেন, হামলা ঠেকাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন কোনো ভূমিকা রাখেনি।
গত শুক্রবার রামুর হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন মিজানুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৬১৭ ঘ.
bdnews24