২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানি কোম্পানিগুলো

জাপানের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন বাংলাদেশের জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2012, 08:58 AM

Updated : 24 Aug 2022, 12:17 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন বাংলাদেশের জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা। জাপানের রাষ্ট্রদূত রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা কার্যালয়ে দেখা করতে এসে এ কথা বলেন। পরে, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান। আবুল কালাম আজাদ জানান, বৈঠকে রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীকে বলেছেন, জাপানের বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করবে। এছাড়া, বাংলাদেশের খাদ্য প্রক্রিয়াজাত শিল্পেও তাদের বিনিয়োগ আসবে। এছাড়া, সাক্ষাতকালে বাংলাদেশে বিনিয়োগের জন্য উন্নত পরিবেশ সৃষ্টির লক্ষ্যে দু’দেশের সরকারি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব দিয়েছেন জাপানের রাষ্ট্রদূত। প্রস্তাবিত টাস্ক ফোর্স বাংলাদেশে জাপানি বিনিয়োগের সম্ভাবনা ও বিনিয়োগ আকর্ষণের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এদেশে ব্যবসা পরিচালনাকারী জাপানি কোম্পানিগুলোর বিভিন্ন সমস্যা মোকাবেলা করার পরামর্শ দেবে। এই টাস্ক ফোর্স বাংলাদেশ ও জাপানের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোও চিহ্নিত করবে বলে জানান জাপানের রাষ্ট্রদূত। জাপান বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, ওষুধ, সিরামিক এবং তৈরি পোশাক রপ্তানি করবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/এসইউ/১৪৫৪ ঘ.