ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে সাম্প্রদায়িক সন্ত্রাসের পর ঈদুল আযহা ও দুর্গাপূজার সময়ও সহিংসতার আশংকা করছেন ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া।
সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে রোববার ঈদুল আযহা উদযাপন উপলক্ষে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান পরিস্থিতিতে ঈদের দিন ও পূজায় এ ধরনের ঘটনা ঘটতে পারে বলে আমি আশঙ্কা করছি। অনেকেই ফোন করে আমাকে এ দুটি উৎসবের সময় সহিংসতার সম্ভাবনার কথা জানিয়েছেন। এ জন্য আমাদের সচেতন থাকতে হবে।”
প্রতিমন্ত্রী বলেন, আশংকা থাকলেও এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সরকার সতর্ক অবস্থানে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টরা সতর্ক অবস্থায় রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তা কঠোরভাবে দমন করা হবে।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে গত ২৯ সেপ্টেম্বর রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালায় ধর্মীয় উগ্রপন্থীরা। পরদিন চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়া ও টেকনাফেও হামলার ঘটনা ঘটে।
সভায় জানানো হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ অক্টোবর ঈদ এবং ২০ অক্টোবর থেকে হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজা শুরু হবে।
এ বছর প্রায় এক লাখ ১৩ হাজার জন হজ পালনের জন্য নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে এক হাজার জন হজ পালন করতে পারবেন না বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।
ঈদুল আযহার জামাত প্রসঙ্গে শাহজাহান মিয়া বলেন, ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদে আয়োজন করা হবে।
মহিলাদের ঈদের নামাজ আদায়ের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের নামাজের জন্যও আলাদা জায়গা থাকবে। এ জন্য জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থাও নেওয়া হবে, জানান প্রতিমন্ত্রী।
শাহজাহান মিয়া বলেন, ঈদের দিন বিভিন্ন হাসপাতাল, কারাগার, শিশু সদন, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুঃস্থ কল্যাণ কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হবে।
ঈদের দিন সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব শিশু পার্কে ঢোকা এবং বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে সুবিধাবঞ্চিত শিশুদের বিনা টিকেটে ঢাকায় জাতীয় জাদুঘরে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
সভায় ধর্মসচিব কাজী হাবিবুল আউয়ালসহ ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), গণপূর্ত অধিদপ্তর, তথ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৩৪৬ ঘ.
bdnews24