বরিশাল, ০৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক গৃহবধূর মৃতদেহ ফেলে পালানোর সময় তার স্বামী, ভাসুর ও দেবরকে আটক করে পুলিশে সোর্পদ করেছে কর্তৃপক্ষ।
মৃত তানিয়া (২২) উপজেলার জয়শ্রী গ্রামের মো. আলীর মেয়ে। তার শরীরে জখমের চিহ্ন থাকার কথা জানিয়েছে পুলিশ।
তানিয়ার স্বামী মো. কামাল এবং কামালের দুই ভাই জামাল ও ইকবালকে আটক করেছে উজিরপুর থানা পুলিশ।
লাশের সুরতহাল প্রতিবেদন তৈরিকারী উপ-পরিদর্শক হুমায়ন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব মুণ্ডুপাশা গ্রামের আব্দুল কাদেরের ছেলে কামালের সঙ্গে দুই বছর আগে বিয়ে হয় তানিয়ার। কিন্তু পরিবারের সঙ্গে বিরোধের কারণে কামাল স্ত্রী আর মেয়েকে নিয়ে শিকারপুর বাজারের পাশে দুলাল মুন্সীর বাড়িতে ভাড়া থাকতেন।
কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দাবি করেন, বৃহস্পতিবার রাত ১০ টায় খাওয়া সেরে তারা ঘুমাতে যান। রাত ১২টার দিকে মেয়ের কান্নার শব্দে তার ঘুম ভাঙে এবং দেখতে পান পাশে শোয়া তানিয়া নড়াচড়া করছেন না। এরপর উজিরপুর হাসপাতালে নিয়ে গেছে চিকিৎসক তানিয়াকে মৃত ঘোষণা করেন।
এরপর কামাল ও তার দুই ভাই তানিয়ার লাশ ফেলে পালানোর চেষ্টা করলে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের আটকে রেখে থানায় খবর দেয় বলে বলে এসআই হুমায়ুন জানান।
তিনি বলেন, “তানিয়ার শরীরে জখমের চিহ্ন রয়েছে। গলায় কালো দাগ ও নখের চিহ্নও রয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
ময়নাতদন্তের জন্য তানিয়ার লাশ শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উজিরপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে। কামালকে আমরা গ্রেপ্তার করেছি। তার দুই ভাইকেও থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১১৩০ ঘ.
bdnews24