সিলেট, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের তেলি বাজার এলাকায় ‘ভুল পাশ’ দিয়ে চলা একটি বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ মাইক্রোবাস আরোহী, যাদের প্রায় সবাই পরস্পরের আত্মীয়।
শুক্রবার ভোর ৫টা ৪০ এর দিকে সিলেট-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০ জন।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হযরত শাহজালালের (র.) ওরশগামী যাত্রীদের নিয়ে লক্ষ্মীপুর থেকে সিলেট যাচ্ছিল বাসটি। আর মাইক্রোবাসটি সিলেট থেকে দক্ষিণ সুরমার লালপুর যাচ্ছিল। পথে মুখোমুখী সংঘর্ষ হলে মাইক্রোবাসের সবাই নিহত হন।”
এরা হালেন- দক্ষিণ সুরমার কামালবাজারের লালপুর এলাকার ওয়ারিস আলী (৬৫), তার স্ত্রী পেয়ারা বেগম (৫০), ছেলে বাবুল মিয়া (৩৫), বাবুলের স্ত্রী হাজেরা বেগম (২৮), বাবুলের ভাইয়ের স্ত্রী রাজিয়া বেগম (৩৫), পরিবারের তিন শিশু সালমান (৯), আল আমীন (১১), ফাতেমা (৭), ওয়ারিস আলীর মেয়ের জামাই আব্দুল করিম (৩৫)।
এছাড়া এ পরিবারের আত্মীয় দক্ষিণ সুরমার চৌধুরীগাঁওয়ের জামাল উদ্দীন (২৮), বিটুয়ার মুখ এলাকার রফিক মিয়া (৫০), লালাবাজারের সুফিয়া বেগম (৩০) এবং মাইক্রোবাসের চালক হিরণ মিয়াও (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেন ওয়ারিস আলীর ভাগ্নে শেখ মোখলেসুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওয়ারিসসহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলায় হাই কোর্ট থেকে জামিন নিয়ে রাতের ট্রেনে এসে সিলেট স্টেশনে নামেন তারা। এরপর মাইক্রোবাসে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।
সিলেটের পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনা রাস্তার যে পাশে ঘটেছে এবং যাত্রীদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল, তাতে বাসটি চলছিল ‘রং সাইড’ দিয়ে। আমার ধারণা, চালক ঘুমিয়ে পড়েছিল। যাত্রীরাও বলেছেন যে সে (চালক) খুব ভালভাবে চালাচ্ছিল না।”
দুর্ঘটনার পর থেকেই বাসচালক পলাতক বলে পুলিশ কমিশনার জানান।
এদিকে দুর্ঘটনাকবলিত যান দুটির কারণে ভোর থেকেই ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দারাও উত্তেজিত হয়ে মহাসড়ক অবরোধ করেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম সাবেরা খাতুন।
জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেয়ারও আশ্বাস দেন।
পরে জেলা প্রশাসনের অনুরোধে এলাকাবাসী বেলা ১১ টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল আবার শুরু হয়।
খান মোহাম্মদ বিলাল সাংবাদিকদের বলেন, চালকের অদক্ষতা ও মহাসড়কের কিছু অংশ ভেঙে যাওয়ায় সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর-সিলেট অংশে দুর্ঘটনা বেড়েছে।
মহাসড়কের ওই অংশে ডিভাইডার নির্মাণের জন্য এক মাসের মধ্যে প্রস্তাব পাঠানো হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১২২০ ঘ.
bdnews24