বেনাপোল, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার ভোরে রাজবাড়ির গোয়ালন্দায় একটি নৈশকোচ থেকে খলিলুর রহমান ওরফে তোতা মল্লিক নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তোতা কাশিপুর গ্রামের সমসের মল্লিকের ছেলে। গ্রেপ্তারের পর তাকে শার্শা থানায় হস্তান্তর করে র্যাব।
শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা আড়পাড়া এলাকা থেকে আটক করে এ মামলার এজাহারভুক্ত চার নম্বর আসামি রাজু মল্লিককে। রাজু মল্লিক আটক হওয়ার পর জিজ্ঞাসাবাদে জামাল হত্যার প্রধান আসামি হিসেবে সে তার ভাই তোতার নাম জানায়। এরপর থেকে তোতাকে আটকের জন্য র্যাব চেষ্টা চালিয়ে আসছিল।
যশোরের সাংবাদিক জামাল হত্যার নয় দিন পর হত্যা মামলার প্রধান আসামি উকিল মল্লিক ভারতে আটক হয়।
বৃহস্পতিবার র্যাবের হাতে আটক তোতা মল্লিক ভারতে আটক উকিল মল্লিকের ভাই এ তথ্য নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক মাহফুজুর রহমান।
যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন গত ১৫ জুন খুন হন। শার্শার কাশিপুর বাজারে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও চোখ উঠিয়ে হত্যা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২২১৫ ঘ.
bdnews24