দিনাজপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরল উপজেলায় বন বিভাগের তিন হাজারের বেশি গাছ কাটার অভিযোগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তিনটি মামলা করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার বিরল থানায় সর্বশেষ মামলাটি করেন ধর্মপুর বিটের বন কর্মকর্তা সাদেকুল ইসলাম। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ও ২ অক্টোবর আরো দুটি মামলা হয়।
এসব মামলায় ৪৬ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো দুইশ’ জনকে আসামি করা হয়েছে।
তবে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম গাছ কাটার অভিযোগ অস্বীকার করেন।
বিভাগীয় বন কর্মকর্তা আলী কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে বিরলের ধর্মপুর বিটের আড়াইশ গাছ কেটে ফেলা হয়। পরদিন রাতে কাটা হয় আরো এক হাজার ৫১০টি গাছ। সর্বশেষ ৩ অক্টোবর রাতে এক হাজার চারশ গাছ কেটে ফেলা হয়।
এ ঘটনায় ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, তার চার ভাই আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন, রফিকউদ্দিন, জসিম উদ্দিন জড়িত বলে তিনি অভিযোগ করেন।
বিট কর্মকর্তা সাদেকুর রহমান জানান, বুধবার রাতে গাছ কাটার সময় তিনি পুলিশসহ ঘটনাস্থলে দুষ্কৃতকারীরা পুলিশের উপরে চড়াও হয়। পরে দিনাজপুর থেকে বিভাগীয় বন কর্মকর্তা তার টহলবাহিনী এবং বিরল থানার ওসি ঘটনাস্থলে গেলে দুস্কৃতকারীরা সরে যায়।
অবশ্য গাছ কাটার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ওই জমির মালিক তিনিসহ তার পরিবারের সদস্যরা। উচ্চ আদালত তাদের পক্ষে রায় দিয়েছে।
পুলিশ সুপার (এসপি) ময়নুল ইসলাম সাংবাদিকরে জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার সঙ্গে জড়িতরা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের আইনের আওতায় আনতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২০০ ঘ.
bdnews24