পাবনা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় দুই পক্ষের সংঘর্ষের সময় নিহত বিএনপি কর্মী মিলন হোসেন হত্যা মামলায় দলটির ১৬ নেতাকর্মী জামিন পেয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে হাই কোর্টে বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এম মুজিবুর রহমান মিয়ার আদালতে মামলার আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক তাদের আট সপ্তাহের জামিন মঞ্জুর করেন।
গত ২৪ সেপ্টেম্বর বিএনপি দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মিলন (২৮) মারা গেলে দলটির জেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
পরদিন ভোরে নিজ বাসা থেকে জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমানসহ দুই ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।
জেলা কারাগারে থাকা অবস্থায় বিএনপি সভাপতি হৃদরোগে আক্রান্ত হলে তাকে ঢাকায় পাঠানো হয়।
আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন সাংবাদিকদের জানান, আদালত ১৬ জনকে আট সপ্তাহের জামিন দিয়েছে।
বিডিনিউজ টোয়েনিএটফার ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৫৭ ঘ.
bdnews24