ফরিদপুর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরে বাসচাপায় নিহত হয়েছেন বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মী।
বৃহস্পতিবার সকালে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের মুরারীদহ এলাকার ওই দুর্ঘটনায় আহত আরো দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
নিহতরা হলেন- আরিফ খলিফা (২৩) ও আকলিমা বেগম (২৮)।
আরিফ ফরিদপুর সদরের কৈজুরী ইউনিয়নের বনগ্রাম এবং আকলিমা ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার বাসিন্দা। তারা দুজন ব্র্যাকের ফরিদপুর কার্যালয়ে নাট্যকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুকুমার বিশ্বাস সাংবাদিকদের বলেন, সকালে একটি মোটর সাইকেলে করে এই চারজন ফরিদপুর যাচ্ছিলেন। মুরারীদহ এলাকায় সোনারতরী নামে একটি লোকাল বাস মোটর সাইকেলটিকে পেছন দিক থেকে চাপা দিলে চার জনই আহত হন।
“ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে আরিফ ও আকলিমা মারা যান। আকলিমার বড় বোন আহত শরীফা বেগম (৩২) ও তার ছেলে আপনকে (২) দুপুরে ঢাকায় নেওয়া হয়।”
তিনি জানান, বাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক। বিকেলে ময়নাতদন্তের পর তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২০৪৫ ঘ.
bdnews24