২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে গণপিটুনিতে ২ যুবকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2012, 02:39 PM

Updated : 24 Aug 2022, 12:16 PM

চট্টগ্রাম, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে দুই যুবকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। মো. আনোয়ার (২২) নামে ওই যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর বাজার এলাকার বাবুল মিয়ার ছেলে। অপর যুবকের বয়স আনুমানিক বয়স ৩৫ বছর হবে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সীতাকুণ্ডের সোনাইমুড়ি এলাকার কেশবপুরে পিটুনিতে মারাত্মক আহত হলে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ওই দুই যুবকের মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল অনিল কান্তি দাশ। ছিনতাইয়ের এই ঘটনায় জড়িত সন্দেহে আবু কাওসার (২৮) নামে আরেক যুবককে পুলিশ আটক করেছে। এ ছাড়া জনতা ছিনতাইকারীদের ব্যবহৃত একটি মাইক্রোবাসে আগুনও ধরিয়ে দেয়। সীতাকুণ্ড থানার ওসি সামিউল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই এলাকার একটি ব্যাংক থেকে মো. আলম নামে এক ব্যক্তি ৫০ হাজার টাকা উত্তোলন করে বাসায় যাওয়ার পথে তিন ছিনতাইকারীসহ আরো কয়েকজন র‌্যাব পরিচয় দিয়ে টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পরে স্থানীয় উত্তেজিত জনতা তিন জনকে আটক করে গণপিটুনি দেয়। এতে মারাত্মক আহত দুই জনকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় বলে জানান ওসি সামিউল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এএল/২০৩৬ ঘ.