ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সাত উপসচিবসহ ১৪ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার এসব রদবদলের আদেশ জারি করা হয়।
উপসচিবদের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সুলতান মাহমুদকে বিসিএস প্রশাসন একাডেমীর পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) অফিসের উপ-ব্যবস্থাপক সুবল বোস মনিকে কৃষি বিপণন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ে উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব সাইফুল ইসলামকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পরিচালক, ওএসডি উপসচিব আসির উদ্দিন সরকারকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কর্মকর্তা এবং রহমত আলী খানকে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন পরিবীক্ষণ ইউনিটের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) সচিব পদে প্রেষণে থাকা উপসচিব মাহবুবুর রহমানকে প্রত্যাহার করে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।
তথ্যমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পেলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শহীদুল হক ভূঁঞা। মন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সময়ের জন্য তিনি ওই পদে দায়িত্ব পালন করবেন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-পরিচালক পদে প্রেষণে থাকা জ্যেষ্ঠ সহকারী সচিব এটিএম কামরুল ইসলামকে শিল্প প্রতিমন্ত্রীর একান্ত সচিব নিয়োগ করা হয়েছে।
টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) আবদুস সাত্তার শেখকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। কিশোরগঞ্জের এডিসি তন্ময় দাসকে বদলি করা হয়েছে টাঙ্গাইলের এডিসি পদে। নীলফামারীর এডিসি মোল্লা হাসান মাহমুদকে কুষ্টিয়ার এডিসি পদে বদলি করা হয়।
মাদারীপুরের শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র দাসকে নীলফামারী এবং কুড়িগ্রাম সদরের ইউএনও কাজী আবেদ হোসেনকে কিশোরগঞ্জের এডিসি নিয়োগ করা হয়েছে।
কুমিল্লার বুড়িচং-এর ইউএনও মোহাম্মদ খুরশেদ আলম খানকে প্রেষণে নিয়োগ দেওয়া হয় কুমিল্লা সিটি কর্পোরেশনের সচিব পদে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯৫০ ঘ.
bdnews24