রাঙামাটি, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মীয় রীতি অনুযায়ী চাকমা সার্কেলের সাবেক প্রধান রাজা ত্রিদিব রায়ের সাপ্তাহিক ক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি রাজবাড়ি মাঠে আয়োজিত এ ক্রিয়ার মধ্যে ছিল পঞ্চশীল গ্রহণ, মহামঙ্গলসূত্র পাঠ, দানীয় বস্তু উৎস্বর্গ ও ধর্মীয় দেশনা।
রীতি অনুযায়ী শবদেহ দাহ করার এক সপ্তাহের মধ্যে এ ধর্মীয় রীতি পালন করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর ৭৯ বয়স্ক ৫০তম চাকমা সার্কেল প্রধান ত্রিদিব রায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে মারা যান। ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষ নেন এবং স্বাধীনতার পর পাকিস্তানের নাগরিকত্ব নিয়ে সেদেশে বসবাসের জন্য চলে যান তিনি।
তিনি পার্বত্য চট্টগ্রামের চাকমা সার্কেলের বর্তমান চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়ের বাবা।
সাপ্তাহিক ক্রিয়ায় রাজা দেবাশীষ রায় বলেন, “বাবার শেষ ইচ্ছা ছিল তার মরদেহ যেন রাঙামাটিতে সৎকার করা হয়। তা সম্ভব না হলে পাকিস্তানে সৎকার করা হয়।”
সরকার ত্রিদিবের মরদেহ বাংলাদেশে আনার অনুমতি দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবং রাঙামাটিতে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে সবার পরামর্শে বাবার মরদেহ পাকিস্তানে সৎকারের সিদ্ধান্ত নেয়া হয়।”
রাঙামাটির রাজবন বিহারের প্রধান অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির শতাধিক বৌদ্ধ ধর্মীয়গুরু এ অনুষ্ঠানে মহামঙ্গল সূত্র পাঠ ও ধর্মীয় দেশনা দেন।
মঞ্চে রাখা ত্রিদিব রায়ের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮০০ ঘ.
bdnews24