ফরিদপুর, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোপর ডটকম)- প্রায় ১১ লাখ টাকা আত্মসাতের দায়ে ডাক বিভাহের কর্মচারী (অপারেটর) তাহেরুল ইসলামকে (৫৫) সাত বছরের বিনাশ্রম কারাদণ্ড ফরিদপুরের বিশেষ আদালত।
বৃহস্পতিবার ফরিদপুরের বিশেষ আদালতের বিচারক মো. শফিকুর রহমান এক রায়ে এছাড়াও ১৫ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও সাড়ে তিন বছরের বিনাশ্রম সাজা দেন বলে জানিয়েছেন ফরিদপুরের সরকারি কৌঁশুলি খসরুজ্জামান দুলু।
অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলার অপর আসামি পোস্ট মাস্টার সিরাজ মিয়াকে বেকসুর খালাস দেয় আদালত।
খসরুজ্জামান জানান, ফরিদপুর সদরের কানাইপুর পোস্ট অফিসের অপারেটর তাহেরুল চাকরিকালে ওই টাকা আত্মসাত করেন।
২০০৭ সালে আমানতকারীদের সঞ্চিত ১০ লাখ ৯২ হাজার টাকা আত্মসাতের ঘটনাটি ধরা পড়ে। পরে পোস্টাল পরিদর্শক মতিউর রহমান ফরিদপুর কোতয়ালি থানায় তাহেরুলের বিরুদ্ধে মামলা করেন।
পরে দুদক এর তৎকালীন উপপরিচালক আব্দুল্লাহ আল জাহিদ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
বৃহস্পতিবার রায় ঘোষণার সময় আসামি তাহেরুল কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬৪৬ ঘ.
bdnews24