ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ী ও গুলশান এলাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম রহমান জানান, ভোরে আব্বাস (৪০) নামে এক ভ্যানচালক রায়েরবাগ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় আহত হন।
পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, সকাল সাড়ে ১০টার দিকে গুলশান-১ নম্বরে নাভানা টাওয়ারের সামনে অজ্ঞাত পরিচয় এক যুবক বাসের চাপায় ঘটনাস্থলে নিহত হন।
গুলশান থানার এসআই কাজি রবিউল হক জানান, যুবকের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক বিশ। পরনে ছিল নীল শার্ট ও নীল প্যান্ট।
ময়নাতদন্তের জন্য দুটি লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬২১ ঘ.
bdnews24