ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শারদীয় দুর্গোৎসব নির্বিঘœ করতে পূজা উদযাপন কমিটিগুলোকে নিজস্ব স্বেচ্ছাসেবক দল গঠন করার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দিন খান আলমগীর বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের জানান, পূজামণ্ডপের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এই স্বেচ্ছাসেবকরাও কাজ করবে।
এছাড়াও শারদীয় দুর্গোৎসব এবং ঈদুল আযহা উদযাপন নির্বিঘœ করতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে দেশের সকল বিভাগ, জেলা ও মহানগর পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হবে বলে তিনি জানান।
এর আগে ঈদুল আযহা এবং শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে বৈঠক হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে খোলা নিয়ন্ত্রণ কক্ষগুলোতে যে কোনো নাগরিক তথ্য সরবরাহ করতে পারবেন। এসব তথ্যের ভিত্তিতে দ্রুততার সঙ্গে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়া হবে।
প্রতিটি উৎসব কেন্দ্রে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, দুর্গা বিসর্জনের আনুষ্ঠানিকতার জন্য যেসব সড়ক ব্যবহার করা হবে, পূজা কমিটির পক্ষ থেকে তা আগেই প্রশাসনকে জানাতে বলা হয়েছে। সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে পূজার সময় এসব সড়কে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব সিকিউকে মোস্তাক আহমেদ, পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও র্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমানসহ পূজা উদ্যাপন কমিটির নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউ/১৫৪৭ ঘ.
bdnews24