যশোর, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাভেদ ইমাম ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের আদালত বর্জন করেছে আইনজীবীরা।
বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ আদালত বর্জন শুরু হয়।
বুধবার বিকেলে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাভেদের বিরুদ্ধে অনিয়ম ও অনৈতিকভাবে বিচারকার্য পরিচালনার অভিযোগে এবং ম্যাজিস্ট্রেট আমিরুলের বিরুদ্ধে জেলা বারের সাধারণ সম্পাদক আব্দুল গফুর হত্যাচেষ্টা মামলায় আসামিদের জামিন দেয়ার প্রতিবাদে আদালত বর্জনের সিদ্ধান্ত হয়।
জেলা বারের সভাপতি মোহাম্মদ আলী জানান, গত ২ সেপ্টেম্বর সিনিয়র ম্যাজিস্ট্রেট জাভেদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ১৪৬জন আইনজীবী সমিতির সভাপতি বরাবর গণআবেদন করেন।
আবেদনে তারা অভিযোগ করেন, অস্বাভাবিক ও এখতিয়ার বহির্ভূতভাবে বিভিন্ন মামলায় আসামিদের জামিন ও মামলার আলামত আসামিদের কাছে ফেরত দিয়েছেন বিচারক।
এসব অভিযোগের ভিত্তিতে বুধবার সমিতির বিশেষ সাধারণ সভা ডাকা হয়।
সভায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের ওপর সন্ত্রাসী হামলা মামলার আসামিদের জামিন দেয়ার বিষয়টিও উঠে আসে।
হাই কোর্টের জামিন পাওয়া ওই মামলার আসামিদের জামিনের আদেশ দেয়ার প্রতিবাদে মেজিস্ট্রেট আমিরুল ইসলামের আদালত বর্জনেরও সিদ্ধান্ত নেন আইনজীবীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএস/এমএইচপি/১৪৪০ ঘ.
bdnews24