ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে ক্রয়ের পুরো দায়িত্ব বিশ্ব ব্যাংকের হাতে ছেড়ে দেয়ার বিষয়ে সংস্থাটির পক্ষ থেকে যে প্রস্তাব এসেছে তাতে সরকারের সম্মতি দেয়া উচিত বলে মনে করে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)।
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে পলিসি রিসার্চ ইনস্টিটিউটের ভাইস প্রেসিডেন্ট সাদিক আহমেদ বলেন, “ওই প্রস্তাবকে আমাদের স্বাগত জানানো উচিত।”
অনিয়মের অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বরে পদ্মা সেতুতে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত এবং গত জুনে তা বাতিল করে বিশ্ব ব্যাংক। পরে তাদের বেধে দেয়া কয়েকটি শর্ত পূরণ করায় গত ২০ সেপ্টেম্বর এ প্রকল্পে ফিরে আসার সিদ্ধান্ত জানায় তারা।
সাদিক আহমেদ বলেন, “ক্রয় সংক্রান্ত বিষয় একটি বড় সমস্যা এবং পদ্মা সেতুতে ক্রয় কর্মকাণ্ড নিয়ে বিশ্ব ব্যাংকের প্রস্তাব একটি ভালো প্রস্তাব।”
“সরকারের উচিত দাতাসংস্থাগুলোর সঙ্গে সব বিতর্কের নিরসন করা এবং পারস্পারিক আস্থা ও শ্রদ্ধার পরিবেশে এগিয়ে যাওয়া।”
সাবেক সচিব এনাম আহমেদ চৌধুরী বলেন, সরকারের ক্রয় ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
পদ্মা সেতু নিয়ে তিনি বলেন, বিশ্ব ব্যাংক অভিযোগ করেছে পদ্মা সেতু প্রকল্প নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তারা গণমাধ্যমে বিশ্ব ব্যাংকের অবস্থান ‘ভুলভাবে’ উপস্থাপন করছেন।
“প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, যোগাযোগমন্ত্রী ও কয়েক উপদেষ্টাসহ অনেকে এ বিষয়ে কথা বলছেন। এ বিষয়ে কম লোকের কথা বলা উচিত।”
বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভলপমেন্ট স্ট্যাডিজের পরিচালক জেনারেল মুস্তাফা কে মুজেরি বলেন, পদ্মা সেতু নির্মাণে যতো না জটিলতা তার চেয়ে বেশি জটিলতা এ প্রকল্পে অর্থায়ন নিয়ে।
গত ২৫ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, “বিশ্ব ব্যাংক সার্বিকভাবে বাংলাদেশের দুর্নীতি পরিস্থিতি, বিশেষ করে পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। এ কারণে আমরা ইতোমধ্যে জানিয়ে দিয়েছি যে, এ প্রকল্পে বিশ্ব ব্যাংককে নতুন করে চাইলে সেতু নির্মাণ পরিকল্পনা নতুন করে সাজাতে হবে যাতে বিশ্ব ব্যাংক ও অপর ঋণ দাতারা প্রকল্পের ক্রয় কর্মকাণ্ড আরো নিবিড়ভাবে পর্যবেক্ষণের সুযোগ পায়।”
বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি পদ্মা সেতু তৈরিতে গত বছরের প্রথমার্ধে বিশ্ব ব্যাংক, এডিবি, আইডিবি ও জাইকার সঙ্গে ঋণচুক্তি করে সরকার। ২৯১ কোটি ডলারে ৬ কিলোমিটার দীর্ঘ দ্বিতল রেল ও সড়ক সেতু নির্মাণের নকশা হয়। শুরু হয় জমি অধিগ্রহণও।
কিন্তু প্রকল্পের কাজ তদারকির জন্য প্রাথমিক যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ কানাডার এসএনসি লাভালিনের বিরুদ্ধে ওই দেশের পুলিশ দুর্নীতির অভিযোগ তুললে বিশ্ব ব্যাংক তা গুরুত্বের সঙ্গে নেয়ার কথা জানিয়ে গত বছরের সেপ্টেম্বরে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি স্থগিত করে।
এরপর ঋণের অর্থ পেতে কয়েকটি শর্ত দেয় সংস্থাটি, যা পূরণ হয়নি জানিয়ে ঋণচুক্তি বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় তারা। ফলে এডিবির ৬১ কোটি ৫০ লাখ, জাইকার ৪০ কোটি এবং আইডিবি ১৪ কোটি ডলারের প্রতিশ্রুতিও আটকে যায়।
বিশ্ব ব্যাংকের ওই সিদ্ধান্তে সরকারের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়, বিশ্ব ব্যাংককে আক্রমণ করে বক্তব্য আসে। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ব ব্যাংককে বাদ দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত হয় মন্ত্রিসভায়। মালয়শিয়ার সঙ্গেও এ প্রকল্প নিয়ে আলোচনা চালিয়ে যায় সরকার।
তবে তার মধ্যেও বিশ্ব ব্যাংককে ফেরানোর আলোচনা চলে, যার অংশ হিসেবে শর্ত পূরণে পদত্যাগ করেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ছুটিতে যান সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। প্রকল্পের ইন্টিগ্রিটি অ্যাডভাইজর মসিউর রহমানের ছুটিতে যাওয়ার খবরও সরকারের একাধিক সূত্র জানায়, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন।
এর পর গত ২০ সেপ্টেম্বর বিশ্ব ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়, “বাংলাদেশ সরকার বিশ্ব ব্যাংকের শর্ত সন্তোষজনকভাবে পূরণ করায় এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সম্মত হওয়ায় পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নতুন করে যোগ দিচ্ছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/২২২৬ ঘ.
bdnews24