২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা চীন যাচ্ছেন ১৪ অক্টোবর

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাত দিনের সফরে চীন যাচ্ছেন আগামী ১৪ অক্টোবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 04:30 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সাত দিনের সফরে চীন যাচ্ছেন আগামী ১৪ অক্টোবর। বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান তার প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে খালেদা জিয়া সেদেশ সফরে যাচ্ছেন। আগামী ১৪ অক্টোবর ব্যাংকক হয়ে বেইজিং পৌঁছাবেন বিরোধী দলীয় নেতা। সর্বশেষ ২০১০ সালের ডিসেম্বরে বিরোধী দলীয় নেতা হিসেবে খালেদা জিয়া চীন সফর করেন। প্রধানমন্ত্রী থাকাকালে একাধিকবার খালেদা জিয়া চীন সফর করেন। মারুফ কামাল আরো জানান, চীন সফরকালে খালেদা জিয়া বেইজিংয়ে সরকার ও চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ওইসব বৈঠকে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদিসহ দুই দেশের সম্পর্ক উন্নয়ন সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে। বিএনপি চেয়ারপারসন চীনের কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতাদের সঙ্গে দুই দলের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার বিষয়াদি নিয়েও আলাপ করবেন বলে জানান প্রেস সচিব। সফরকালে বিরোধী দলীয় নেতার সঙ্গে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলও থাকবে। প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে রয়েছেন- বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহবুবুর রহমান, সহসভাপতি সেলিমা রহমান, শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, প্রেস সচিব মারুফ কামাল খান, বিরোধী দলীয় নেতার বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব সালেহ আহমেদ, আলোকচিত্রী নুরউদ্দিন আহমেদ প্রমুখ। খালেদা জিয়া ১৯ অক্টোবর বেইজিং থেকে ব্যাংকক হয়ে ২০ অক্টোবর দেশে ফিরবেন বলে জানান প্রেস সচিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২২৯ ঘ.