২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেয়ার পরামর্শ পিএসসির

৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সম্ভবনা নেই বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁসের কোনো সম্ভবনা নেই বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৭ অক্টোবর থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে টাকার বিনিময়ে বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন পাওয়া যাবে বলে গুজব ছড়িয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরীক্ষার আগে এ ধরনের গুজব থাকে। তবে প্রশ্ন ফাঁসের কোনো সম্ভবনা নেই।” প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেয়ার জন্য পরীক্ষার্থীসহ সবার প্রতি আহ্বান জানান তিনি। নেছার উদ্দিন বলেন, “২৮তম থেকে ৩২তম বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়নি। তবে ব্যবসা করার জন্য অনেকে প্রশ্ন ফাঁসের গুজব ছড়াচ্ছে। এর সঙ্গে কোচিং সেন্টারগুলো জড়িত থাকতে পারে।” ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা নেয়ার জন্য অনেকগুলো সেট প্রশ্ন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “পরীক্ষার দিন সকাল সাড়ে ৯টায় লটারির মাধ্যমে প্রশ্ন নির্বাচন করা হবে।” যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়াচ্ছে তাদের শাস্তি হওয়া উচিত বলেও মনে করেন পিএসসির এই কর্মকর্তা। আগামী ৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন টাকার বিনিময়ে পাওয়া যাবে বলে বুধবার সন্ধ্যার পর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গুজব ছড়িয়ে পড়ে। আগামী ১৭ অক্টোবর ৩৩তম বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শেষ হবে। ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হবে পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট কেন্দ্রে ৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষা হবে। এতে ২৮ হাজার নয়শ’ ১৭ জন পরীক্ষায় অংশ নেবে। গত ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা হয়। তাতে এক লাখ ৯৩ হাজার ৫৯ জন পরীক্ষার্থী অংশ নেন। এ বিসিএসের মাধ্যমে চার হাজার ২০৬টি শূন্য পদে কর্মকর্তা নির্বাচন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/২১৩৭ ঘ.