কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকায় পাশের দুটি ভবনের ওপর ভেঙে পড়া ছয়তলা ভবনের মালিকের খোঁজ পাচ্ছে না প্রশাসন।
মঙ্গলবার সকাল নয়টার দিকে পুরান ঢাকার কৈলাস ঘোষ লেনের একটি পরিত্যক্ত ছয়তলা ভবন পাশের দুটি তিন তলা ভবনের ওপর ভেঙে পড়লে জনি নামে এক যুবক মারাত্মক আহত হয়। ফায়ার ব্রিগেড ও সিভিল ডিফেন্স কর্মীরা দুটি ভবনে আটকা পড়া ৩০ জনকে সরিয়ে নেয়।
কোতোয়ালি থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্ষতিগ্রস্ত দুই ভবনের মালিক সৈয়দ মাসুম ও মো. সোহেল এবং আহত জনির অভিবাবক থানায় তিনটি সাধারণ ডায়েরি করেছে। ভেঙে পড়া ভবনের মালিক উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে তারা মামলা করবে বলে তারা পুলিশকে জানান।
তবে ঘটনার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও ওই ভবনের মালিক ফজলে এলাহী চৌধুরী মোহনকে বা মালিক পক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না বলে ওসি জানান।
এদিকে ঢাকা সিিিট করপোরেশন (দক্ষিণ) প্রশাসক মো. জিল্লার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মালিককে খুঁজে না পাওয়া যাওয়ায় সিটি করপোরেশন ধসে পড়া ভবনের বাকি অংশ ভাঙার উদ্যোগ নিচ্ছে।
তিনি জানান, ভবনটি ধসে পড়ায় পেছনের আরো চারটি বহুতলা ভবনের গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিছিন্ন রয়েছে। তাই ওই বহুতল ভবনের বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই ভাঙার খরচের কথা চিন্তা না করে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন।
মালিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে বলে তিনি জানান।
ক্ষতিগ্রস্ত একটি ভবনের মারিল সৈয়দ মাসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪/১ নম্বরের বাড়িটি নির্মাণ করা হয়েছিল ১৯৮২-৮৩ সালের দিকে। ওই ভবনের ফাউন্ডেশন ঠিকমতো ছিল না বলেও তিনি অভিযোগ করেন।
মাসুম জানান, ডেভেলপারকে দিয়ে বহুতল ভবন তৈরি করার উদ্দেশ্যে দু’দিন আগে ছয়তলা ভবনটি ভাঙার কাজ শুরু হয়। শ্রমিকরা সকালে আবার কাজ শুরু করার পর হঠাৎ ভবনটি দুলে ওঠে এবং ১৮ ও ১৯ নম্বর বাড়ির ওপর ভেঙে পড়ে।
এই দুটি ভবনের ৯টি ইউনিটে ৪০ জনের মতো বাসিন্দা রয়েছেন বলে জানান তিনি।
১৫ নম্বর ভবনের মালিক মো. বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চারটি ভবনের মানুষের যাওয়া পথ বন্ধ হয়ে রয়েছে। পিছন দিক দিয়ে বিকল্প একটি রাস্তা দিয়ে আমরা যাতাযাত করছি। কিন্তু গ্যাস, বিদ্যুৎ ও পানি না থাকায় চারটি ভবনের অন্তত দুইশ মানুষকে কষ্টে দিন কাটাতে হচ্ছে।
বুধবার সকাল ১০টার দিকে সিটি করপোরেশন ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তুপ সরানো কাজ শুরু করে। কাজ শেষ করতে কতদিন লাগবে জানতে চাইলে এক শ্রমিক বলেন, দু’এক দিনের মধ্যে কাজ শেষ করা সম্ভব হতে পারে। আশপাশের লোকজন জানান, ভেঙে পড়া ভবনটির তত্ত্বাবধায়ক লক্ষী নামে এক নারীকে পাওয়া যাচ্ছেনা বলে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/২০৩৯ ঘ.
bdnews24