গাইবান্ধা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা শহরের একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ক্ষমতাসীন দল সমর্থক ছাত্রলীগ।
বৃহস্পতিবার শহরের ডিবি রোডে পাইওনিয়ার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এই হামলা-ভাঙচুরের ঘটনায় ১০-১২ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয় বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা সাংবাদিকদের জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রলীগের ৪০/৫০ জন নেতাকর্মী একটি মিছিল নিয়ে ওই প্রতিষ্ঠানে গিয়ে হামলা ও ভাঙচুর চালায়।
প্রতিষ্ঠানটির মালিক সৈয়দ রোকনুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতিষ্ঠানের দুটি বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, কম্পিউটার, আসবাবপত্র ও দরজা-জানালা ভাংচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ছাত্রলীগ ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ শিক্ষা প্রতিষ্ঠানটিতে হামলা-ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন রোকনুজ্জামান।
অবশ্য জেলা ছাত্রলীগ সভাপতি তাহমিদুর রহমান সাংবাদিকদের জানান, ওই প্রতিষ্ঠানে জামায়াত-শিবির নেতাকর্মীরা নিয়মিত গোপন বৈঠক করত। ঘটনার দিন সকালেও সেখানে নেতাকর্মীদের বৈঠক করতে দেখা যায়।
তাদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে বলে দাবি করেন তাহমিদুর।
সদর থানার ওসি গোপাল চন্দ্র চক্রবর্তী সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলাম জানান, ওই প্রতিষ্ঠানে হামলার ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/১৯০৪ ঘ.
bdnews24