২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে শতাধিক শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2012, 05:07 AM

Updated : 24 Aug 2022, 12:15 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতিসহ শতাধিক কর্মীর বিরুদ্ধে মামলা করেছেন ছাত্রলীগের বহিষ্কৃত এক নেতা। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন মঙ্গলবার রাতে মতিহার থানায় এ মামলা দায়ের করেন। এতে বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি আশরাফুল আলম ইমনসহ ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো শতাধিক কর্মীকে আসামি করা হয়েছে বলে উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা অস্ত্র নিয়ে ছাত্রলীগ কর্মীদের ওপর হামলা চালিয়ে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।” মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের কাছে ছাত্রলীগ ও শিবির কর্মীরা সংঘর্ষে জড়ালে ছাত্রলীগের এক বহিস্কৃত নেতা ও শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ চারজন গুলিবিদ্ধ হয়। আহত হন আরো অন্তত ১৫ জন। এ ঘটনায় দুই পক্ষের নেতাকর্মীদেরই প্রকাশ্যে গুলি ছুড়তে দেখা যায়। তারা রামদা ও লাঠি নিয়ে পরস্পরের ওপর চড়াও হন। এই সংঘর্ষের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। উপ পরিদর্শক আমিনুল জানান, মঙ্গলবার ঘটনার পর থেকে রাত পর্যন্ত বিনোদপুর, কাজলা, ধরমপুর ও মির্জাপুরে অভিযান চালিয়ে ২২ শিবির কর্মীকে আটক করা হয়েছে। এর মধ্যে পাঁচ জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এরা হলেন, জাহাঙ্গীর আলম (সংস্কৃত, তৃতীয় বর্ষ), শরীফুল ইসলাম শরীফ (ইসলামি ইতিহাস বিভাগ, মাস্টার্স), তৌহিদুর রহমান (ইসলামি ইতিহাস বিভাগ, মাস্টার্স), আব্দুল হান্নান (আরবি, চতুর্থ বর্ষ) ও মোসাদ্দেক আলী (আরবি, প্রথম বর্ষ)। এদের মধ্যে জাহাঙ্গীর আলম ও শরীফুল ইসলাম শরীফ গুলিবিদ্ধ অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে আমিনুল জানান। তিনি বলেন, “গ্রেপ্তার বাকি নেতাকর্মীদের জিজ্ঞসাবাদের পর আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।” এদিকে বুধবারও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকাল সোয়া ৮টায় বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম। অনেকেই আতঙ্কে ক্যাম্পাসে আসছে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। মঙ্গলবার ঘটনার পর থেকেই ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০৫৫ ঘ.