২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মৌন মিছিল ১৪ অক্টোবর

সিলেকশন গ্রেডসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ১৪ অক্টোবর সচিবালয় অভিমুখে মৌন মিছিল এবং স্মারকলিপি পেশ করবে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 05:00 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেকশন গ্রেডসহ ১০ দফা দাবি আদায়ে আগামী ১৪ অক্টোবর সচিবালয় অভিমুখে মৌন মিছিল এবং স্মারকলিপি পেশ করবে বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি। মগবাজারের প্রধান কার্যালয়ে মঙ্গলবার রাতে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সমিতির অতিরিক্ত মহাসচিব এমদাদুল হক। তিনি জানান, আন্দোলনের প্রথম ধাপ হিসেবে ওইদিন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, ওই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এজন্য কেন্দ্রীয় কার্যালয় থেকে মৌন মিছিলসহ সচিবালয় অভিমুখে যাবেন সংগঠনের নেতা-কর্মীরা। তিনি বলেন, ১৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় মৎস্য ভবন চত্বরে জমায়েত হয়ে সাড়ে ১১টায় স্মারকলিপি দিতে মিছিলসহ সচিবালয়ের দিকে যাবেন তারা। এ কর্মসূচি সফল করতে সমিতির বিভিন্ন আঞ্চলিক শাখা ও দপ্তরের কর্মীদের জমায়েত ও মিছিলে যোগ দেওয়ার আহবান জানানো হয়েছে। এমদাদুল হক বলেন, সচিবালয়ের দু’টি ক্যাটাগরিতে স¤প্রতি সিলেকশন গ্রেড দেওয়া হয়েছে। এতে সচিবালয়ের বাইরে সারা দেশের চতুর্থ শ্রেণীর কর্মচারীরা সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। একই দেশে চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য দুই রকম নিয়ম থাকতে পারে না। তিনি বলেন, সিলেকশন গ্রেড দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা থাকার পরও দীর্ঘদিন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছেনা। এজন্য স্মারকলিপি দেওয়া হবে। এতে কাজ না হলে জেলা ও উপজেলায় মিছিলসহ স্মারকলিপি দেওয়া হবে। সমিতির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সভায় মহাসচিব জাহাঙ্গীর আলম, কার্যকরী সভাপতি হিরণ মিয়া, আমিনুর রহমান, আবু তাহের, আজিজুল হক, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম, শাহাবুদ্দিন ভুঁইয়া, রাশেদুল আলম ও আবুল ফয়েজ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৫২ ঘ.