ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট ভবনের সামনে অভিযান চালিয়ে ‘দালালির’ অপরাধে ২৩ জনকে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
এরা হলেন, নাজমুল, আতিয়ার, রবিউল, সোহেল, নূর মোহাম্মদ, রেজাউল, মানিক, সুমন, আবুল বাশার, শফিক, নুরু, লাবলু, জয়দর আলী, শিপন, এনামুল, রফিকুল, কামাল পাশা, জাহাঙ্গীর, হারুন খানা, হিরা, গোলাপ, আবদুল আজিজ ও সোহাগ।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ছয় মাসের কারদণ্ড দেওয়া হয় বলে র্যাবের ম্যাজিস্ট্রেট এএইচএম আনোয়ার পাশা জানান।
তিনি বলেন, “এক শ্রেণীর অসাধু ব্যক্তি পাসপোর্ট করাতে লাইনে দাঁড়ানো লোকদের ফরম পূরণ, ছবি লাগানো, ব্যাংকে টাকা জমা দেয়ার কাজে সহযোগিতা করার নামে বিরক্ত করে। কেউ দালালের প্রস্তাবে রাজি হলে পাশের হোটেল ও ফটোকপির দোকানে নিয়ে যায়। তারপর হয়রানি করে প্রত্যেকের কাছ থেকে একটি পাসপোর্টের জন্য ১০ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।”
“এই সব অপরাধের কথা স্বীকার করায় তাদের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।”
দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/২০৩৯ ঘ.
bdnews24