ঢাকা, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ পাচারের দুই মামলায় জামিন বাতিল হওয়া ডেসটিনি ২০০০ লিমিটেডের ২২ কর্মকর্তাকে অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
মঙ্গলবার দুদক কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, “ডেসটিনি কর্মকর্তারা অবিলম্বে আত্মসমর্পণ না করলে তাদের যেখানে পাওয়া যাবে, সেখানেই গ্রেপ্তার করা হবে।”
সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
মহানগর হাকিম এরফান উল্লাহ আসামিদের সবাইকে এ মামলায় জামিন দিলে তার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর ২৭ সেপ্টেম্বর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জহুরুল হক জামিনের ওই আদেশ বাতিল করে অবিলম্বে তাদের এখতিয়ার সম্পন্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
ডেসটিনির এই ২২ কর্মকর্তাকে ‘পলাতক আসামি’ অভিহিত করে দুদক চেয়ারম্যান বলেন, “ডেসটিনির অপরাধ আমাদের কাছে গুরুতর। তারা আট লাখেরও বেশি মানুষের সম্পদ আত্মসাৎ করেছে। সুতরাং আমরা বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি।”
এদিকে মুদ্রা পাচারের দুই মামলায় ডেসটিনি’র ২২ কর্মকর্তার ৫৩৩টি ব্যাংক হিসাব জব্দের আদেশ দিয়েছে আদালত।
দুর্নীতি দমন কমিশনের একটি আবেদনের শুনানি করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক মঙ্গলবার এই আদেশ দেন।
এই ২২ কর্মকর্তার মধ্যে ডেসটিনি-২০০০ এর চেয়ারম্যান সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আমিন, পরিচালক মো. হোসেন, মো. গোফরানুল হক, আবুল কালাম আজাদ ও মো. সাইদ উর রহমানও রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এইচএ/১৭৪৭ ঘ.
bdnews24