২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটের তৃণমূল নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

লালমনিরহাটের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 05:44 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লালমনিরহাটের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিরোধী দলের নেতা খালেদা জিয়া। সোমবার রাতে গুলশানে তার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মাসব্যাপী দলের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়ের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই বৈঠক হয়। গত ২০ সেপ্টেম্বর থেকে তৃণমূল নেতা ও পেশাজীবীদের সঙ্গে বিরোধী দলীয় নেতা মতবিনিময় করছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পেক্ষাপটে বিরোধী দলের আন্দোলনের কর্মকৌশল নিয়ে শলাপরামর্শই এসব মতবিনিময়ের উদ্দেশ্য। লালমনিরহাটের জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলার নেতৃত্বে উপজেলা ও পৌর কমিটির অর্ধশতাধিক নেতা এই বৈঠকে অংশ নেন। রাত ৯টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত বৈঠক চলে। এতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন। বৈঠকের আগে লালমনিরহাটে অনুষ্ঠিত খালেদা জিয়ার সমাবেশের একটি ভিডিও বিএনপি চেয়ারপারসনকে উপহার দেন জেলা সভাপতি আসাদুল হাবিব দুলু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৪৩ ঘ.