২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে বিদেশিদেড়শ’ ব্যক্তি, সংগঠনকে সম্মাননা দেবে সরকার

মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তৃতীয় পর্যায়ে ১৫০ বিদেশি নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেবে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তৃতীয় পর্যায়ে ১৫০ বিদেশি নাগরিক ও সংগঠনকে সম্মাননা দেবে সরকার। আগামী ২০ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এসব ব্যক্তি ও সংগঠন বা তাদের মনোনীত প্রতিনিধিদের হাতে সম্মাননা তুলে দেবেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সোমবার অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। ২০ অক্টোবর তৃতীয় পর্যায়ের সম্মাননা অনুষ্ঠানে ১৫০ জনকে সম্মাননা দেওয়া হবে। তাদের মধ্যে ৪৫ জন গত মার্চে অনুষ্ঠিত সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বাকি ১০৫ জন নতুনভাবে এ তালিকায় এসেছেন। বর্তমান সরকারই সর্বপ্রথম একাত্তরের মুক্তিযুদ্ধে অবদানের জন্য বিদেশি নাগরিক ও সংগঠনকে সম্মাননা জানানোর প্রক্রিয়া শুরু করে। ২০১১ সালের ২৫ জুলাই ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধীকে বিদেশি নাগরিকদের জন্য সর্বোচ্চ সম্মান ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ দেওয়া হয়। তার পক্ষে পুত্রবধূ কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী মরণোত্তর এ পদক গ্রহণ করেন। পরে এ বছরের ২৭ মার্চ ৮২ ব্যক্তি ও সংগঠনকে মুক্তিযুদ্ধ সম্মাননা ও মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেওয়া হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সংস্কৃতি বিষয়ক সচিব সুরাইয়া বেগম, সশস্ত্র বাহিনী বিভাগ এবং সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২২৫৯ ঘ.