মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে সংঘটিত সাম্প্রদায়িক সন্ত্রাসে বহিরাগত উগ্রপন্থীদের সঙ্গে যোগ দিয়েছিল আশপাশের কিছু লোকজনও। ক্ষতিগ্রস্ত বৌদ্ধ বসতিগুলোয় কড়া নিরাপত্তা ব্যবস্থাতেও তাই বাসিন্দাদের উদ্বেগ কাটেনি।
রামু ও উখিয়ার বিভিন্ন বৌদ্ধ বসতি ঘুরে দেখা গেছে ক্ষতিগ্রস্ত বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে রয়েছে সন্দেহ-অবিশ্বাস ও আস্থাহীনতা। আশেপাশের এলাকার লোকজন বাইরে থেকে আসা উগ্রপন্থীদের সাথে হামলায় অংশ নেয় বলে তারা জানায়।
ধর্মীয় উস্কানিতে মন্দির ও বসতঘরে হামলার পর থেকে রামুর মেরংলোয়া পাড়া, শ্রীকূল, মিঠাছড়া, উখিয়ার পশ্চিম মরিচ্যা, কোর্ট বাজার এলাকার বৌদ্ধ পরিবারগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে এখনও শংকিত।
ফেইসবুকে কোরআন অবমাননার অভিযোগে শনিবার রাতে কক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও ঘরবাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর চালার্য়র্ ধমীয় উগ্রপন্থীরা। রাতভর হামলায় সাতটি বৌদ্ধ মন্দির, অন্তত ৩০টি বাড়ি ও দোকান পুড়িয়ে দেয়া হয়। হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয় আরো শতাধিক বাড়ি ও দোকানে।
এরপর রোববার চট্টগ্রামের পটিয়া এবং কক্সবাজারের উখিয়ার হিন্দু ও বৌদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটে।
মেরংলোয়া পাড়া সীমা রাজবন বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তরুণ বড়–য়া বলেন, “আমরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি। যাদের সাথে দীর্ঘদিন একসাথে বাস করছি তাদের কাউকে কাউকে আর বিশ্বাস করতে, তাদের ওপর আস্থা রাখতে পারছি না।”
এলাকায় সেনাবাহিনীর টহল, পুলিশ-র্যাব-বিজিবি সদস্যদের উপস্থিতি থাকলেও তারা সম্পূর্ণ নিরাপদ বোধ করছেন না বলে জানান তিনি।
ওই এলাকার বেশ কয়েকজন মানুষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতের হামলার ঘটনায় বাইরের লোকের সাথে রামু সদরের স্থানীয় কিছু লোকের ইন্ধনও ছিল।
তবে কেউই ভয়ে তাদের নাম বা পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু বলতে চাননি। তাদের ভাষ্য, “পরিচয় উল্লেখ করে তাদের বিরাগভাজন হতে চাই না, আমাদের তো এখানে থাকতে হবে।”
উখিয়ার পশ্চিম মরিচ্যা এলাকার দীংকর বৌদ্ধ বিহার সংলগ্ন এলাকার বাসিন্দারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাইরের লোকদের সাথে আশেপাশের লোকজনও হামলায় অংশ নিয়েছে।
উখিয়া কোটবাজার এলাকার বাসিন্দারা জানান, ধর্মীয় মৌলবাদী একটি গোষ্ঠীর উস্কানিতে রোহিঙ্গারাও এ হামলায় অংশ নিয়েছে। এখানে রোববার রাতে ভেঙ্গে দেয়া হয় পশ্চিম রতœা শাসনতীর্থ সুদর্শন বিহার।
স্থানীয় কিছু লোক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি সুনির্দিষ্ট মৌলবাদী গোষ্ঠীর ইন্ধনে হওয়া এ আন্দোলন ও হামলার ঘটনায় স্থানীয় কিছু লোক এবং রামুর বাইরে থেকে আসা লোকজন এতে অংশ নিয়েছে।
শনিবার রাতে হামলার পর রোববার মুষড়ে পড়েছিলেন ক্ষতিগ্রস্ত বৌদ্ধরা। সোমবার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মনে ক্ষোভ দেখা গেছে। ঘটনার দিন রাতে স্থানীয় প্রশাসন ও পুলিশ আরও আগে ব্যবস্থা নিলে হয়তো এত বড় দুর্ঘটনা ঘটত না বলে মনে করেন তারা।
এদিকে, রামুর মেরং লোযাপাড়া, শ্রীকূল, মিঠাছড়া, উখিয়ার কোটবাজার, মরিচ্যা এলাকায় পুড়িয়ে দেয়া বসতঘরের লোকজনদের মাঝে প্রশাসন ও সেনাবাহিনীর তরফ থেকে ত্রাণ দেয়া হয়েছে। দেয়া হয়েছে থাকার জন্য তাঁবুও।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের অনেকেই রোববার রাতে নিরাপত্তার অভাবে ঘটনাস্থলে না থেকে চলে দূরের কোনো আত্মীয়ের বাড়িতে।
শনিবার রাতে হামলায় ক্ষতিগ্রস্ত রিপু বড়–য়ার পরিবারের সদস্যরা রোববার রাতে ওই এলাকার অপর এক আত্মীয়ের বাড়িতে গিয়ে থেকেছিল। তিনি বলেন, “সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁবু টাঙিয়ে দেয়া হলেও আমরা আজ রাতে তাদে থাকব কি না ঠিক নেই।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১১১৮
bdnews24