কুমিল্লা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় অপহরণের পাঁচ ঘণ্টা পর এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় কালিয়াজুরি এলাকা থেকে সাইফা (৪) নিখোঁজ হয়। বিকাল ৩টার দিকে শহরের চকবাজার মুচিপট্টি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। সে শহরের কালিয়াজুরি এলাকার শাহিন খানের মেয়ে।
কোতোয়ালি মডেল থানার ওসি মহিউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেন, সকালে শিউলি বেগম মেয়ে সাইফাকে নিয়ে কালিয়াজুরি এলাকাতেই একটি বিউটি পারলারে যান।
মা পারলারের ভেতর থাকার সময় শিশুটি হেঁটে বাইরে চলে আসে। এ সময় মঞ্জিল মিয়ার মেয়ে মুন্নি (১৮) তাকে অপহরণ করে চকবাজার মুচি পট্টিতে নিয়ে আসে।
মুন্নির সঙ্গে ফুটফুটে শিশুটিকে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা জিজ্ঞাসাবাদ করে সাইফার পরিচয় নিশ্চিত হলে আটক করে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে নিয়ে আসে। বিকাল ৩টায় শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয় বলে জানান ওসি।
তিনি জানান, আটক মুন্নি অপহরণের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২১৪৭ ঘ.
bdnews24