চট্টগ্রাম, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলিশের প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরার অভিযোগে একশ’ কেজি ইলিশ মাছসহ ১১ জন জেলেকে আটক করেছে উপকূল রক্ষী বাহিনী (কোস্ট গার্ড)।
সোমবার ভোরে বঙ্গোপসাগরের বহিঃনোঙর এলাকা থেকে তাদের আটক করা হয়।
এছাড়া তাদের কাছ থেকে এক হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সদস্য লে. কমান্ডার আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরার অপরাধে তাদের আটক করা হয়। আটক জেলেদের মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইলিশ মাছের প্রজনন মৌসুমের কারণে সরকার ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সাগরে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এসইউ/১৭৪১ ঘ.
bdnews24