ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিপরিষদে সুরঞ্জিত সেনগুপ্তকে ‘দপ্তরবিহীন মন্ত্রী’ হিসাবে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেছেন এক আইনজীবী।
ড. তুহিন মালিক নামের সুপ্রিম কোর্টের এই আইনজীবী ‘দপ্তরবিহীন মন্ত্রী পদের’ বৈধতাও চ্যালেঞ্জ করেছেন।
রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সুরঞ্জিত সেনগুপ্তকে দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারির আবেদন করেছেন তিনি। একইসঙ্গে ওই পদে সুরঞ্জিত সেনগুপ্তের বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বন্ধের জন্য তিনি আদালতের অন্তর্র্বতীকালীন নির্দেশনা চেয়েছেন।
এই রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।
তুহিন মালিক গত বৃহস্পতিবার হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন করার পর রোববার তা বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চে শুনানির জন্য নিয়ে যান। কিন্তু ওই বেঞ্চ আবেদনটি শুনতে বিব্রতবোধ করা তিনি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে যান।
তুহিন বলেন, “এই বেঞ্চে মামলাটি আজকের (সোমবারের) কার্য তালিকায় আসলেও শুনানি হয়নি। কাল হতে পারে।”
রিট আবেদনকারী বলেন, “মন্ত্রিপরিষদে কাউকে ডাকার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পূর্ণ এখতিয়ার রয়েছে। কিন্তু কেউ পদত্যাগ করার পর গ্রহণ করা বা না করার বিষয়টি প্রধানমন্ত্রীর ওপর নির্ভর করে না। কেউ পদত্যাগ করলে তাকে মন্ত্রী রাখতে হলে আবার শপথ দিতে হবে।”
তিনি বলেন, বাংলাদেশের সংবিধান ও আইনে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীর কথা বলা হয়েছে। কিন্তু দপ্তরবিহীন মন্ত্রী বলে কিছু নেই।
“এটা সাময়িকভাবে করা যেতে পারে। কিন্তু কাউকে এভাবে দীর্ঘদিন দপ্তরবিহীন মন্ত্রী করে রাখা যায় না। সর্বশেষ পুনর্গঠনের সময়ও সুরঞ্জিতের জায়গা হয়নি। এভাবে কোনো কাজ না দিয়ে জনগণের টাকা থেকে সুবিধা দেওয়া আইনত বৈধ নয়।”
ব্যক্তিগত সহকারীর অর্থ কেলেঙ্কারির ঘটনায় গত এপ্রিলে রেলমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এরপর সরকারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সুরঞ্জিতের আবেদনে তাকে রেল মন্ত্রণালয় থেকে সরিয়ে ‘দপ্তরবিহীন’ মন্ত্রী হিসাবে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৪৩০.
bdnews24