চাঁদপুর, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ ধরা নিষিদ্ধ মৌসুমে ইলিশ শিকারী ১২ জেলেকে আটক করায় পুলিশের সঙ্গে জেলেদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪ রাউন্ড গুলি ছুড়েছে পুলিশ।
রোববার রাতে চাঁদপুরের হরিণায় মেঘনা নদীতে মাছ ধরা অবস্থায় ১২ জেলেকে আটক করলে এ ঘটনা ঘটে।
মা ইলিশ রক্ষায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ১১ দিন মেঘনা নদীতে ইলিশ শিকার সরকারিভাবে নিষিদ্ধ।
মেঘনায় এ অভিযানে নেতৃত্বে থাকা চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুর রহমান খান জানান, রাত একটায় নৌ-পুলিশ ও কোস্টগার্ড মেঘনা নদীতে অভিযান চালায়।
নিষেধাজ্ঞা অমান্য করে নদীর বিভিন্ন স্থানে ইলিশ শিকাররত ১২ জেলেকে নৌকা ও জালসহ আটক করা হয়।
এতে ক্ষুব্ধ হয়ে হরিণা এলাকার জেলেরা রাত আড়াইটায় নদীতে অভিযানে থাকা পুলিশের ওপর হামলা চালায়।
এ সময় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির হাবিলদার সাঈদকে (৫২) অপহরণ করে তারা।
ধাওয়া করে সাঈদকে উদ্ধার করে আনার সময় জেলেরা পুলিশের ওপর হামলা চালায়। এক পর্যায়ে পরিস্থিতি শান্ত করতে ৪ রাউন্ড শটগানের ফাঁকা গুলি বর্ষণ করে পুলিশ।
রাতেই চাঁদপুর থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে আনা হয়।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, জেলেরা হাবিলদার সাঈদকে অপহরণ করে হরিণা ফেরিঘাট এলাকার একটি খালে জিম্মি করে রাখে।
“ আমরা সেখানে গিয়ে তাকে উদ্ধার করি। এ সময় স্থানীয় জেলেরা পুলিশের ওপর হামলা চালায়।”
চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (রিভার) হাসান মোস্তফা স্বপন বলেন, “এ ঘটনায় আহত হাবিলদার সাঈদকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।”
পরিস্থিতি বর্তমানে শান্ত উল্লেখ করে হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১২৩১ ঘ.
bdnews24