ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের কৃষি শ্রমিকদের আইনগত সুরক্ষা নিশ্চিতে কৃষি আইন প্রণয়ন এবং কৃষি শ্রমিকদের অধিকার আদায়ে রাজধানীতে সমাবেশ করবে কৃষি শ্রমিকদের একটি নতুন সংগঠন ‘কৃষিশ্রমিক অধিকার মঞ্চ’।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা জানান সংগঠনের কর্তাব্যক্তিরা।
আগামী ২ ফেব্র“য়ারি বিকাল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজার কৃষি শ্রমিক অংশ নেবে। শিল্প শ্রমিকরাও এ সমাবেশে অংশ নেবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান এবং মঞ্চের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমেদ বলেন, “বাংলাদেশের কৃষি প্রধান অর্থনীতির উন্নয়ন করতে হলে প্রথমে কৃষির সাথে সংশ্লিষ্ট শ্রমিকদের উন্নতি প্রয়োজন।”
বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট সভাপতি এবং মঞ্চের সদস্য সচিব শিরিন আখতার বলেন, “শ্রম আইন ২০০৬ এর সংশোধনীতে কৃষি শ্রমিকদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি কৃষকদের জন্য একটি পূর্ণাঙ্গ কৃষি আইন করতে হবে।”
সমাবেশে কৃষকদের আইনগত সুরক্ষার জন্য কৃষি শ্রমিক আইন প্রণয়নসহ নারী ও পুরষ সমকাজে সমমজুরি, তাদের নিবন্ধন, বছরে কমপক্ষে একশ দিনের নিশ্চয়তাসহ সারা বছর কৃষি শ্রমিকদের কাজের ব্যবস্থা করা, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা, কৃষি পণ্যের নায্যমূল্য পাওয়া নিশ্চিতের দাবি জানানো হবে।
দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক শ্রমজীবীদের আইনগত অধিকার আদায়ের জন্য গত বছরের ডিসেম্বর মাসে সংগঠনটি আত্মপ্রকাশ করে। দেশের কৃষি শ্রমিকদের আইনগত অধিকার আদায়সহ গ্রামীণ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান ও কৃষি উন্নয়নে প্রচার চালানোর কাজ করছে সংগঠনটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এমআই/১৪১০ ঘ.
bdnews24