ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর ও লক্ষ্মীপুরে বিএনপির গণমিছিলে গুলির ঘটনা তদন্তে দুটি কমিটি করেছে পুলিশ বিভাগ।
রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহছান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক বিশ্বাস আফজাল হোসেন ও চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার নুর আলম মিনাকে এ দুই কমিটির প্রধান করা হয়েছে।
দুই কমিটিতেই আরো একজন করে সদস্য রয়েছে বলে জানান তিনি।
এর আগে দুপুরে পুলিশ মহা পরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় বলেন, চাঁদপুর ও লক্ষ্মীপুরের ঘটনায় পুলিশের কোনো গাফিলতি ছিল কি না তা তদন্ত করা হবে।
পুলিশের বিরুদ্ধে পুলিশ তদন্ত করলে তা নিরপেক্ষ হবে কি না- এ প্রশ্নের জবাবে হাসান মাহমুদ বলেন, “এ বিষয়ে তদন্ত করতে আরো একাধিক কমিটি হতে পারে।”
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিএনপি রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করার পর ঢাকা মহানগর আওয়ামী লীগ একই দিনে সমাবেশ ডাকে। এই পরিপ্রেক্ষিতে মহানগর পুলিশ রোববার ঢাকায় সব ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করলে দুই দলই তাদের কর্মসূচি এক দিন করে পিছিয়ে দেয়। তবে বিএনপির জেলায় জেলায় কর্মসূচি বহাল রাখা হয়।
রোববার সকালে বিএনপি নেতাকর্মীরা মিছিল বের করলে ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, হবিগঞ্জ, নেত্রকোনা ও পটুয়াখালীতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে চাঁদপুরে দুইজন এবং লক্ষ্মীপুরে দুইজন নিহত হয়।
এসব ঘটনায় একজন ওসিসহ বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন বলে দাবি করেন পুলিশ মহাপরিদর্শক।
বিএনপি ও আওয়ামী লীগ আবারো একই দিনে কর্মসূচি ঘোষণা করায় সোমবারও মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে হাসান মাহমুদ বলেন, “জনজীবন বিঘিœত হয় এমন কোনো ঘটনা ঘটলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। সার্বিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পুলিশের মহাপরিদর্শক (আইজি) পদটি সিনিয়র সচিব পদমর্যাদায় উন্নতি করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার আনুষ্ঠানিকভাবে আইজি হাসান মাহমুদ খন্দকারকে ব্যাজ পরিয়ে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পুলিশ সদর দপ্তরে ফিরে তিনি সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন।
পদোন্নতির প্রতিক্রিয়ায় হাসান মাহমুদ বলেন, “এই প্রাপ্তি পুলিশকে আরো বেগবান করতে উৎসাহ যোগাবে।”
অনুষ্ঠানে পুলিশের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএ/জেকে/১৯০০ ঘ.
bdnews24