২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমে ‘দায়িত্বশীলতা’ চায় আইএসপিআর

সেনবাহিনীর কয়েকজন সদস্যের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর তা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে এ কথা বলেছে আইএসপিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2012, 03:54 PM

Updated : 24 Aug 2022, 10:38 AM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী ও সেনাসদস্য নিয়ে সংবাদ প্রকাশে গণমাধ্যমকে ‘দায়িত্বশীল’ ভূমিকা পালনের অনুরোধ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনবাহিনীর কয়েকজন সদস্যের ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর তা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে এ কথা বলেছে সংস্থাটি। মঙ্গলবার আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “ইদানিং এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেনা সদস্যদের নাম উল্লেখ করে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশ করা হচ্ছে যা সঠিক ও দ্রুত তদন্তের স্বার্থে সমীচীন নয়।” “কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তের সূত্র হিসেবে সেনাসদরের উদ্ধৃতি দেওয়া হচ্ছে যা সঠিক নয়।” গত ডিসেম্বরে কয়েকজন ধর্মান্ধ সেনাসদস্যের সরকার উৎখাতের চেষ্টা নস্যাৎ করার খবর গত ১৯ জানুয়ারি সংবাদ সম্মেলন করে জানায় সেনাসদর। এরপর ওই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়। ওই ব্যর্থ অভ্যুত্থানচেষ্টা নিয়ে সেনাসদরের সংবাদ সম্মেলনের কথা উল্লেখ করে আইএসপিআর’র বিজ্ঞপ্তিতে বলা হয়, “সেনাবাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক। মহৎ পেশার এ জাতীয় প্রতিষ্ঠানটির সঙ্গে রাষ্ট্রীয় সম্মানের বিষয়টি সরাসরিভাবে সম্পর্কযুক্ত। বৃহত্তর সামরিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের জন্য এখানে সেনা আইনে শাস্তি প্রদান করা হয়ে থাকে।” গত ২৩ জানুয়ারি দুটি [দৈনিক] পত্রিকায় শৃঙ্খলাভঙ্গের কারণে একজন সেনাসদস্যের শাস্তির বিষয়টি ছবিসহ প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। “এ ধরনের সংবাদ কর্মরত সেনাসদস্যদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলতে পারে”- এ মত প্রকাশ করে আইসএসপিআর বলেছে, “এ জন্য সব সংবাদ মাধ্যমকে সেনাবাহিনী/সেনাসদস্য সম্পর্কিত সংবাদ প্রকাশের ক্ষেত্রে অতীতের ন্যায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে অনুরোধ করা হলো।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১৩১ ঘ.