নারায়ণগঞ্জ, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের পিটুনিতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
ফতেহপুর ইউনিয়নের বগাদী গ্রামে বৃহস্পতিবার এ ঘটনায় নিহত শাহিদা বেগম (৩০) ফতেহপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
এ ঘটনায় সঙ্গে জড়িত অভিযোগে মো. মনছুর (৫০) ও আম্বিয়া (৪০) নামে দু’জনকে গ্রেপ্তার করেছে।
নিহতের স্বামী ব্যবসায়ী আব্দুল কুদ্দুস সাংবাদিকদের বলেন, ঘটনার দিন দুপুরে শাহিদা ঘরে রান্না করার সময় পাশের চক থেকে একই এলাকার মনছুর মিয়ার বখাটে ছেলে দাউদ (১৮) তাদের ঘরের চালে ঢিল দেয়। এতে তার স্ত্রী শাহিদা তাকে গালমন্দ করে।
“বিকালে শাহিদা তার বড় মেয়েকে খোঁজার জন্য বাসা থেকে বের হলে দাউদ তাকে একা পেয়ে লাঠি দিয়ে এলোপাথাড়ি পেটায় এবং শরীরের স্থানে ঘুষি মারে।”
গুরুতর আহত শাহিদাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে চিকিৎসা দেওয়া হয়। কিন্তু বাড়ি আনার পরে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
নিহতের স্বামী আব্দুল কুদ্দুস বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24