রাঙামাটি/চট্টগ্রাম, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটিতে পিকনিক বাস খাদে পড়ে দু’জন নিহত হয়েছে। আহত হয় অন্তত ২৯ জন।
শুক্রবার বিকালে শহরের পর্যটন কমপ্লেক্স এলাকায় বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক স্কুলছাত্র নিহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রাত সাড়ে ৯টার দিকে আরেকজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন চট্টগ্রাম নগরীর হালিশহর হাউজিং স্টেট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইমরান হোসেন এবং একই এলাকার মো. নাজিম (১৭)। ইমরান হোসেন হালিশহর হাউজিং স্টেট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আহতদের মধ্যে ৯ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা রয়েছেন রাঙামাটি জেনারেল হাসপাতালে। তাৎক্ষণিকভাবে তাদের সবার নাম জানা যায়নি।
এদিকে পিকনিককারীরা জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী দাবি করে দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সিরাজুল মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টার দিকে মো. নাজিমের মৃত্যু হয়।
রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে চালকের সহকারী পর্যটন কমপ্লেক্সে দাঁড়ানো বাসটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বাসটি অন্তত একশ’ ফুট নিচে খাদে পড়ে যায়।
ওসি বলেন, সকালে চট্টগ্রাম নগরীর হালিশহরের বি-ব্লক থেকে পিকনিকের একটি দল রাঙামাটির পর্যটন কমপ্লেক্স এলাকায় আসে। পিকনিক শেষে ওখানে দাঁড়ানো বাসটি ঘোরানোর চেষ্টা করেন চালকের সহকারী।
এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে গেলে ইমরান হোসেন ঘটনাস্থলে নিহত হয়।
ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। এরমধ্যে ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর গাড়ির চালক ও সহকারী পালিয়ে গেছেন।
আহতদের দেখতে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ও জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী সন্ধ্যায রাঙামাটি জেনারেল হাসপাতালে যান।
বাসের আহত যাত্রী মো. রিয়াজ ও নাজমুল জানিয়েছেন, পিকনিক শেষে বাড়ি যাওয়ার জন্য বাসের হেল্পার (সহকারী) বাসটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশ’ ফুট নিচে খাদে পড়ে যায়। এই সময় বাসে মধ্যে প্রায় ৩৫/৪০ জন ছিলেন। এরমধ্যে কয়েকজন লাফিয়ে আত্মরক্ষা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২২১০ ঘ.
bdnews24