কুমিল্লা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গুলিতে এক চোরাকারবারি নিহত হওয়ার পর এক জওয়ানকে অপহরণ করে ভারতে নিয়ে গেছে মাদক ব্যবসায়ীরা।
শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে গেলিয়ারা ইউনিয়নের লক্ষীপুর ডলকিয়া গ্রাম সংলগ্ন ভারতীয় সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির কুমিল্লা সেক্টরের কমান্ডার কর্নেল রুস্তম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অপহৃত হাবিলদার লুৎফর রহমানকে ফিরিয়ে আনতে ভারতীয় সীামান্তরক্ষী বাহিনী-বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দুপুরে পতাকা বৈঠক হবে।”
৩৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আনা হচ্ছে- এমন খবরে বিজিবির বোয়ারা ক্যাম্পের একটি টহল দলকে লক্ষীপুর ডলকিয়া গ্রামে পাঠানো হয়। চোরাকারবারিরা বিষয়টি টের পেয়ে হামলা চালালে বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড গুলি চালায়। এতে শাহ আলম নামে এক ভারতীয় চোরাকারবারি নিহত হয়।
কর্নেল রুস্তম আলী বলেন, একজন নিহত হওয়ার পর চোরাকারবারিরা দল বেঁধে চড়াও হয়ে হাবিলদার লুৎফর রহমানকে ধরে সীমান্তের ওপারে নিয়ে যায়।
বিজিবি কর্মকর্তারা জানান, হাবিলদার লুৎফরকে ফিরিয়ে আনতে বিএসএফের ধলপুর ক্যাম্পের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দুই পক্ষের পতাকা বৈঠকে এর ফয়সালা হবে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/জেকে/১১৩০ ঘ.
bdnews24