বাগেরহাট/বরগুনা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাব ও উপকূল রক্ষীদের কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত ব্যক্তি বনদস্যু জিহাদ বাহিনীর সদস্য বলে র্যাবের দাবি।
র্যাব জানায়, বৃহস্পতিবার দুপুরে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের শুকপাড়া খালের উত্তর-পূর্ব পাড়ে বনদস্যু জিহাদ বাহিনীর সঙ্গে র্যাব-৮ ও কোস্টগার্ড দক্ষিণের একটি যৌথ দলের বন্দুকযুদ্ধ হয়।
ঘটনাস্থল থেকে ১০টি আগ্নেয়াস্ত্র ও ৩৪ রাউন্ড বন্দুকের তাজা গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
নিহত ব্যক্তি সম্পর্কে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিস্তারিত জানায়নি র্যাব।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সাব্বির রহমান ওসমানী সুন্দরবন এলাকা থেকে মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুকপাড়া খাল এলাকায় জিহাদ বাহিনীর আস্তানায় দুপুরে তারা অভিযান চালান।
“আকস্মিকভাবে জিহাদ বাহিনীর ১৫/২০ জনের সশস্ত্র দল গুলি ছুড়তে শুরু করলে আমরাও পাল্টা গুলি চালাই। প্রায় দেড় ঘণ্টার লড়াইয়ের পর বনদস্যুরা পিছু হটলে এক বনদস্যুর লাশ, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়,” বলেন তিনি।
পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার কাজী হারুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ৪ জানুয়ারি সাগরে ডাকাতি করে ৭০ জেলেকে মুক্তিপণের জন্য অপহরণ করার ১৩ দিন পর জেলেরা মুক্তিপণ দিয়ে তাদের ছাড়িয়ে আনে।
ওই সময় র্যাব-৮ ও পাথরঘাটার কোস্টগার্ড সদস্যরা ছদ্মবেশে তাদের পথ অনুসরণ করে ডাকাতের নতুন আস্তানা চিহ্নিত করে ও অভিযান চালায় জানান হারুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২৩০০ ঘ.
bdnews24