২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ’র নির্যাতনের প্রতিবাদ জানালো ঢাকা

সীমান্তে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) জওয়ানদের নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এর পূর্ণ তদন্ত চেয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 03:58 PM

Updated : 24 Aug 2022, 10:36 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীমান্তে এক বাংলাদেশিকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনীর (বিএসএফ) জওয়ানদের নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে এর পূর্ণ তদন্ত চেয়েছে সরকার। গত ৯ ডিসেম্বর বৃহত্তর রাজশাহী সীমান্তবর্তী এলাকায় বিএসএফ’র সেনা তল্লাশি চৌকিতে চাঁপাইনবাবগঞ্জের হাবিবুর রহমানকে (২২) নির্মমভাবে পেটায় বিএসএফ সদস্যরা। তার গোপানাঙ্গে পেট্রোলও ঢেলে দেওয়া হয়। বুধবার বিকালে এ নির্যাতনের একটি ভিডিওচিত্র প্রকাশ করে এনডিটিভি। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “এ ঘটনায় ভারত সরকারের কাছে চরম অসন্তোষ জানিয়েছে বাংলাদেশ সরকার। “এ ঘটনার পূর্ণ তদন্তের জন্য সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষকে অনুরোধ করে ঘটনার জন্য দায়ী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে।” ভবিষ্যতে আর যেন এ ধরনের কোনো ঘটনা না ঘটে সেজন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে ভারতের পররাষ্ট্র বিষয়ক দপ্তর বলেছে, এ ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। “এ ঘটনার সঙ্গে জড়িত জওয়ানদের বহিষ্কার করে দ্রুত ব্যবস্থা নিয়েছে বিএসএফ এবং এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে,” ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বৃহস্পতিবার এ কথা বলা হয়। সীমান্তে বিএসএফের নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে বাংলাদেশ। বিএসএফের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আসছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোও। হিউম্যান রাইটস ওয়াচ ২০১০ সালের ডিসেম্বরে এক প্রতিবেদনে বলেছে, হত্যা এবং অন্য মানবাধিকার লঙ্ঘনের দায়ে বিএসএফ’র বিচার হওয়া উচিৎ। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে, গত এক দশকে প্রায় এক হাজার বাংলাদেশি বিএসএফ’র গুলিতে নিহত হয়েছে। নির্যাতনের ঘটনা অসংখ্য। এক বছর আগে ফেলানী নামে এক কিশোরীকে বিএসএফ গুলি চালিয়ে হত্যা করলে তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। গুলিবিদ্ধ ফেলানীর লাশ দীর্ঘক্ষণ কাঁটাতারের বেড়ায় ঝুলে ছিল। সীমান্তে নির্যাতন বন্ধে দীর্ঘদিন ধরে বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর স¤প্রতি বিএসএফকে প্রাণঘাতী নয়, এমন অস্ত্র দিয়েছে ভারত সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২১৫৬ ঘ.