হবিগঞ্জ, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রতনপুর এবং দরগা গেট বাস স্ট্যান্ডে দুটি দুর্ঘটনায় নিহত এই দুই ব্যক্তি হলেন যথাক্রমে মটর সাইকেল আরোহী হারুন মিয়া (৩০) ও পরিবহন শ্রমিক নুর মিয়া (৪৫)।
রতনপুরে দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহত হারুন মিয়া মাধবপুর উপজেলার শাকুচাইল গ্রামের বাসিন্দা এবং নুর মিয়ার বাড়ি লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামে।
মহাসড়ক পুলিশের শায়েস্তাগঞ্জ থানার ওসি আলী ফরিদ জানান, দুপুর পৌনে ২টায় রতনপুর বাস স্ট্যান্ডে মটর সাইকেলকে পেছন থেকে সিলেটগামী আল আরজু পরিবহনের একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই হারুণের মৃত্যু ঘটে।
পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায় বলে জানান তিনি।
সকাল সোয়া ৮টায় হবিগঞ্জ থেকে ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি বাস দরগা গেট বাস স্ট্যান্ডে রাস্তায় দাঁড়িয়ে থাকা পরিবহন শ্রমিক (চেকার) নুর মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায় বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২১২৮ ঘ.
bdnews24