চট্টগ্রাম, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া এবং সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় রোববার শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।
সকাল ১০টার দিকে দৌলতপুর ফাজিল খাঁর হাট এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। হতাহতরা সবাই অটো রিকশার যাত্রী।
পুলিশ জানায়, দুর্ঘটনায় এক জন ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি।
আশঙ্কাজনক অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। এরা হলেন-মাহমুদ ইসলাম (৩১) ও মনির হোসেন (৩২)। দুজনই বাঁশখালী থানার মানিকচর এলাকার বাসিন্দা।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পটিয়া দৌলতপুর এলাকায় শহরমুখী অটোরিকশার সঙ্গে বাঁশখালীমুখী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালেই নিহত হন অজ্ঞাতনামা এক যুবক।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনায় আহত অটোরিকশা চালক জামাল ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
বাসটি আটক করেছে পটিয়া থানা পুলিশ।
এদিকে, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড থানাধীন বার আউলিয়া এলাকায় ট্রাকের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতুল কাউছার পিংকি (৭) নোয়াখালীর বেগমগঞ্জ থানার রসুলপুর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। সীতাকুণ্ডের সোনাইছড়িতে সে নানার বাড়িতে থাকত।
বার আউলিয়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বার আউলিয়া সেতুর ওপর একা রাস্তা পারাপারের সময় কুমিরা অভিমুখী একটি ট্রাক পিংকিকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/আরএ/১৩০২ ঘ.
bdnews24