চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সাতকানিয়ায় ইউপি চেয়ারম্যান খুনের ২২ দিন পর ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান।
গত ২৫ ডিসেম্বর গভীর রাতে সাতকানিয়া নলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কলেজ শিক্ষক মো. নুরুল আবছার সন্ত্রাসীদের গুলিতে নিজ বাড়ির সামনে নিহত হন। ঘটনার পরদিন জানাজায় অংশ নিতে গিয়ে পিটুনিতে আহত হন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোনাফ।
নিহতের পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডে আবদুল মোনাফের ইন্ধন থাকতে পারে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সমর্থিত মোনাফ বলেন, “সঠিক তদন্ত সাপেক্ষে নুরুল আবছার হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে তাদের বিচার করা হোক।”
অবশ্য এরই মধ্যে হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তারকৃত তিন আসামির মধ্যে একজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এ ঘটনায় আবদুল মোনাফের সম্পৃক্ততা রয়েছে।
মোনাফ দাবি করেন, “একটি মহল এ হত্যাকাণ্ডকে ভিন্নখাতে প্রবাহিত করতে পরিকল্পিতভাবে আমাকে জড়ানোর চেষ্টা চালাচ্ছে।”
তিনি জানান, ওই হত্যাকাণ্ডের এক ঘণ্টার মধ্যে চট্টগ্রাম জেলা প্রশাসকসহ বিভিন্ন ব্যক্তির কাছে মোবাইলে ম্যাসেজ পৌঁছে যায়। আর এর ভিত্তিতে তাকে দায়ী করা হয়েছে।
“এটা নিশ্চিত পরিকল্পিত। না হলে এক ঘণ্টার মধ্যে আমাকে কীভাবে খুনি হিসেবে দায়ী করলো”, যোগ করেন মোনাফ।
খুনের ঘটনার এতোদিন পর কেন বিচার দাবি করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জানাজায় লাঞ্ছিত হওয়ার পর আমি চিকিৎসাধীন ছিলাম। সুস্থ হয়েই তার বিচার দাবি করছি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এএল/১৭২৩ ঘ.
bdnews24