বেনাপোল, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের বেনাপোলের আমড়াখালী এলাকায় কভার্ডভ্যানের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন।
মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনায় নিহত হন জাহাঙ্গীর হোসেন। গুরুতর আহত হয়েছেন তার ভাগ্নে রুহুল আমীন। জাহাঙ্গীর শার্শার বসতপুর গ্রামের শামছুল হকের ছেলে।
বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জাহাঙ্গীর ও রুহুল মোটর সাইকেল চালিয়ে শার্শা থেকে বেনাপোলের দিকে আসছিলেন।
আমড়াখালীতে মাছ বোঝাই কভার্ডভ্যানটি পেছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জাহাঙ্গীরের মৃত্যু হয়।
বিক্ষুব্ধ জনতা এ সময় বেনাপোল-যশোর মহাসড়কে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
রুহুলকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কভার্ডভ্যানসহ এর চালক নুর হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/আরএ/১৭১৭ ঘ.
bdnews24